জাকসু নির্বাচন: রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টায়। তবে কয়েকটি হলে দেরিতে ভোট শেষ হওয়ায় ফল গণনা শুরু করতে বিলম্ব হয়। শুক্রবার দুপুর পর্যন্তও ভোট গণনা শেষ হয়নি।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আবাসিক ছাত্রী হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, আর ৬৭টিতে ছিলেন একক প্রার্থী। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, শুরুতে ভোট গণনায় ধীরগতি থাকলেও এখন কাজ দ্রুত এগোচ্ছে। তিনি বলেন, “আমরা আশা করছি রাত ১০টা থেকে ১১টার মধ্যে সব গণনা শেষ করে বেসরকারিভাবে ফল ঘোষণা করতে পারব।”

তিনি আরও জানান, শুরুতে ওএমআর মেশিনে গণনার পরিকল্পনা থাকলেও প্রার্থীদের দাবির মুখে হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সময় বেশি লাগছে। এছাড়া কিছু হলে ভোট শুরু ও শেষ হতে দেরি হওয়া, ব্যালট বাক্স দেরিতে পৌঁছানো এবং পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে ভোট গণনা শুরুতেই বিলম্ব হয়। শুক্রবার সকালে সিনেট ভবনের কক্ষে টেবিল সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে এবং সবগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে।

শিক্ষার্থীদের ক্ষোভ

ভোট গণনায় দেরি হওয়ায় শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, “প্রতিটি হলে ভোট গণনায় প্রায় এক ঘণ্টা লাগছে। এরপর জাকসুর ২৫টি পদ গণনা করতে দ্বিগুণ সময় লাগবে। সব প্যানেলের ঐকমত্যে ওএমআর পদ্ধতিতেই গণনা করা উচিত।”

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে হাবীবা বলেন, “গতকাল সন্ধ্যা থেকে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কখন ফল আসবে। এভাবে অপেক্ষা করতে করতে নির্বাচনের আনন্দটাই হারিয়ে যাচ্ছে। প্রশাসনকে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা নিতে হবে।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G