দীর্ঘ ২১ মাস পর স্কুলে ফিরে সিজদায় লুটিয়ে পড়লেন প্রধান শিক্ষক

প্রকাশঃ মে ১০, ২০২৬ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ অপরাহ্ণ

দীর্ঘ ২১ মাস পর আবারও নিজ কর্মস্থলে ফিরলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দীঘি নান্দুলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে বিদ্যালয় মাঠে সিজদার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীর্ঘ সময় পর প্রিয় কর্মস্থলে ফিরতে পেরে প্রধান শিক্ষক কবির হোসেনকে আবেগঘন অবস্থায় দেখা যায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অনেক মানুষ উপস্থিত ছিলেন। তাঁর ফিরে আসাকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলেও জানিয়েছেন কয়েকজন শিক্ষক।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অস্বস্তিকর পরিস্থিতি চলছিল। প্রধান শিক্ষক ফিরে আসায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি সব সময় বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক ছিলেন বলেও মন্তব্য করেন ওই শিক্ষক।

এর আগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। পরে স্থানীয়ভাবে প্রতিবাদের মুখে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠানো হয়।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে তাঁর বেতন-ভাতা পুনরায় চালু করা হয় এবং বিদ্যালয়ে যোগদানের অনুমতি দেওয়া হয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে কবির হোসেন বলেন, দীর্ঘদিন বিদ্যালয়ে আসতে না পেরে তিনি মানসিকভাবে কষ্টে ছিলেন। আবার কর্মস্থলে ফিরতে পেরে তাঁর মনে হচ্ছে, তিনি নিজের জায়গায় ফিরে এসেছেন।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের আগস্টের পর পরিস্থিতির কারণে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G