পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপসহ ১৭ জনের দণ্ডাদেশ

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২৫ সময়ঃ ১১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায়কে কেন্দ্র করে সকালে আদালতপাড়ায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালতের প্রধান ফটক ও আশপাশে পুলিশ ও বিজিবি সদস্যদের অবস্থান দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিয়মিত নিরাপত্তার পাশাপাশি সন্দেহজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার সমন্বয়কারী দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, সব সাক্ষ্য–প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, দুদক সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশা করে।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও প্রভাব খাটিয়ে শেখ রেহানা ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। মামলায় প্রাথমিকভাবে শেখ হাসিনা, টিউলিপ ও শেখ রেহানাসহ ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে ১০ মার্চ অভিযোগপত্র জমা দেওয়া হয়। আসামিদের মধ্যে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রীসহ আরও কয়েকজন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৪ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিভিন্ন পর্যায়ে মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G