সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন ১২ নির্দেশনা 

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০২৫ সময়ঃ ১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুমে যেতে হলে এবার থেকে অনলাইনে টিকিট কাটাই হবে বাধ্যতামূলক। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট কিনে ট্রাভেল পাসসহ কিউআর কোড সংগ্রহ করতে হবে। এই কোড ছাড়া কোনো টিকিট বৈধ ধরা হবে না।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা বুধবার পর্যটকদের জন্য ১২ দফা নির্দেশনা সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন করে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

ভ্রমণ সময় ও টিকিটের নিয়ম

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পর্যটকদের শুধুমাত্র ট্যুরিজম বোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টাল থেকেই টিকিট নিতে হবে।

এবার নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় দ্বীপে ভ্রমণ করা যাবে, রাতে থাকা নিষিদ্ধ থাকবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাতযাপন করার সুযোগ থাকবে। ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজারের বেশি পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরিবেশ রক্ষায় কঠোর নির্দেশনা

দ্বীপের নাজুক প্রতিবেশ রক্ষায় সৈকতে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, কিংবা বারবিকিউ পার্টি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা কেনাবেচা, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ যেকোনো জীববৈচিত্র্যের ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ।

এছাড়া সৈকতে মোটরসাইকেল বা সীবাইকসহ কোনো মোটরচালিত যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ

দ্বীপে পলিথিন বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একবার ব্যবহার্য প্লাস্টিক—যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান বা শ্যাম্পুর ছোট প্যাকেট, ৫০০ ও ১০০০ মিলিলিটারের পানির বোতল বহনও নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে

মন্ত্রণালয় আশা করছে, নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং এটি হবে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ই-টিকেটিং ব্যবস্থাপনা বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G