কলা না আঙুর—ডায়াবেটিসে কোন ফলটি বেশি উপকারী?
ডায়াবেটিস ধরা পড়লে খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন আনতে হয়। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি হয়ে পড়ে। সব ফল যে সমানভাবে উপকারী, তা নয়। তাই কোন ফল খাওয়া যাবে, আর কোনটা এড়িয়ে চলা ভালো—তা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে।
ডায়াবেটিস-বান্ধব ফল হিসেবে সাধারণত কালোজাম, আপেল, পেয়ারা, কমলালেবু বা বেরি জাতীয় ফলের নামই বেশি শোনা যায়। তবে এর বাইরে সবেদা, আঙুর কিংবা কলার মতো ফলও অনেকের পছন্দের তালিকায় থাকে। ফলে প্রশ্ন ওঠে, ডায়াবেটিস থাকলে এসব ফল কি একেবারেই বাদ দিতে হবে? আর আঙুর ও কলার মধ্যে কোনটি তুলনামূলকভাবে ভালো?
পুষ্টিবিদদের মতে, প্রিয় ফল সম্পূর্ণভাবে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে খাওয়ার ক্ষেত্রে পরিমাণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ক্যালোরির হিসাবও মাথায় রাখতে হবে।
পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, পুষ্টিগুণের দিক থেকে কলা ও আঙুর—দুটোই উপকারী। তবে ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে কলা ভালো বিকল্প হতে পারে। যদিও খুব বেশি পাকা কলা খাওয়া এড়িয়ে চলাই উচিত, কারণ এতে শর্করার মাত্রা বেশি থাকে।
তিনি আরও বলেন, শুধু কোন ফল খাওয়া হচ্ছে তা নয়, কীভাবে খাওয়া হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে এবং পরিমিত পরিমাণে ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রতি /এডি /শাআ









