ভাঙা হাড় জোড়া লাগাবে নতুন প্রযুক্তির “বায়োপেন”
খেলাধুলা বা দৌড়ঝাঁপ করতে গিয়ে হাড় ভাঙার ঘটনা নতুন কিছু নয়, বিশেষ করে শিশু-কিশোরদের ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে সাধারণত প্লাস্টার, অস্ত্রোপচার কিংবা দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়। অনেক সময় হাড় ঠিকভাবে জোড়া লাগাতে ধাতব স্ক্রু বা প্লেটও ব্যবহার করা হয়, যা রোগীর জন্য কষ্টকর এবং সময়সাপেক্ষ।
তবে চিকিৎসাবিজ্ঞানে এসেছে এক অভিনব প্রযুক্তি, যা এই প্রক্রিয়াকে অনেক সহজ করে দিতে পারে।
অস্ট্রেলিয়ার গবেষকেরা উদ্ভাবন করেছেন এক ধরনের বিশেষ জৈব আঠা, যা হাড় জোড়া লাগাতে ব্যবহার করা যায়। এই আঠা প্রয়োগের জন্য তৈরি করা হয়েছে একটি থ্রি-ডি প্রিন্টিং কলমের মতো যন্ত্র, যা দেখতে অনেকটা গ্লু গানের মতো।
চিকিৎসকেরা এই কলমের মাধ্যমে ভাঙা হাড়ের স্থানে বিশেষ ধরনের জেল প্রয়োগ করেন। এরপর সেখানে নির্দিষ্ট আলো বা অতিবেগুনি রশ্মি প্রয়োগ করলে আঠাটি দ্রুত শক্ত হয়ে যায় এবং হাড়ের মতোই মজবুত কাঠামো তৈরি করে।
এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে “বায়োপেন”। এর সবচেয়ে বড় সুবিধা হলো—হাড় দ্রুত জোড়া লাগতে পারে এবং রোগীকে দীর্ঘদিন প্লাস্টার নিয়ে থাকতে হয় না। এমনকি অপারেশনের সময়ই চিকিৎসকেরা নির্ভুলভাবে হাড় ঠিক করে দিতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে হাড়ের চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে। হয়তো এমন এক সময় আসবে, যখন প্লাস্টার করা হবে অতীতের বিষয়।
প্রতি /এডি /শাআ













