রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা শেষ ওভার। জিততে শ্রীলঙ্কা ‘এ’ দলের দরকার ছিল ১১ রান। একটি বাউন্ডারি না পেলে কাজ কঠিন—এই হিসাবই শেষ পর্যন্ত সত্যি হলো। অধিনায়ক ফাহিমা খাতুনের নিখুঁত ওভারে ৮ রান তুলতে পারলেও বাউন্ডারি ছুঁতে পারেনি লঙ্কানরা। তাতেই ৪ রানের নাটকীয় জয় দিয়ে নারী রাইজিং স্টার্স এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল।
ব্যাংককের ম্যাচে আগে ব্যাট করে ১১৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১১১ রানে থামে শ্রীলঙ্কা ‘এ’।
শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ম্যাচের প্রথম বলেই চার মেরে দারুণ বার্তা দেন ইশমা তানজিম। শামীমা সুলতানা ধীরে খেললেও উইকেট আগলে রাখেন। পাওয়ার প্লেতে আসে ৪৮ রান। ইশমা ৩০ ও শারমিন ২৯ রান করে আউট হলে মাঝপথে ছন্দ হারায় দল। শেষদিকে মাত্র ১১ রানের মধ্যে ৬ উইকেট পড়ে গেলে সংগ্রহ বড় হতে পারেনি।
তবে বল হাতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফাহিমা তৃতীয় ওভারেই ফেরান লঙ্কান অধিনায়ক আনুশকা সাঞ্জিভানিকে। মেঘলার আগুনে স্পেলে ম্যাচে চাপ তৈরি হয়। মাঝপথে হানশিমা কারুনারাত্নে লড়াই চালালেও নিয়মিত উইকেট তুলে নেয় বাংলাদেশ।
শেষ ওভারে যখন ম্যাচ ঝুলে আছে, তখন নিজের হাতে বল তুলে নেন ফাহিমা। কোনো চার না দিয়ে শান্ত মাথায় ওভার শেষ করে দলকে এনে দেন দারুণ এক জয়।
পরের ম্যাচে সোমবার থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।
প্রতি /এডি /শাআ