ট্রফি ঘিরে আফ্রিকান ফুটবলে তুমুল নাটক, জয় উদযাপন করছে সেনেগাল, মরক্কোর আপত্তি অগ্রাহ্য

প্রথম প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

আফ্রিকান ফুটবলে চলমান বিতর্ক নতুন মাত্রা পেল সেনেগালকে ঘিরে। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফ) তাদের কাছ থেকে আফ্রিকা কাপ অফ নেশনস শিরোপা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও, সেই ট্রফি নিয়েই প্রকাশ্যে উদযাপন করেছে দেশটি। এমনকি জাতীয় দলের জার্সিতেও যুক্ত করা হয়েছে নতুন একটি তারা।

প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে পেরুর বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত এক অনুষ্ঠানে সেনেগাল দল ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করে। অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে পুরো মাঠ ঘুরে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন করেন ফুটবলাররা, যা অনেকটা বিজয় উদযাপনের মতোই ছিল। এদিকে মরক্কোর ফুটবল ফেডারেশন আগেই সতর্ক করেছিল—এভাবে ট্রফি প্রদর্শন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি সেনেগাল।

আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু প্রায় দুই মাস পর সিএএফ জানায়, ম্যাচ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের শিরোপা বাতিল করা হয়েছে। একই সঙ্গে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং ম্যাচের ফল ৩-০ হিসেবে নথিভুক্ত করা হয়।

ঘটনার সূত্রপাত ফাইনালের শেষ দিকে একটি পেনাল্টি সিদ্ধান্তকে ঘিরে। সেই সময় প্রতিবাদ জানিয়ে কিছু সেনেগাল খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। পরে সাদিও মানের অনুরোধে তারা ফিরে এলেও বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সিএএফ। সংস্থার নিয়ম অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া ম্যাচ চলাকালে মাঠ ত্যাগ করা গুরুতর লঙ্ঘন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল ফুটবল সংস্থা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে পুরো বিষয়টি নিয়ে আফ্রিকান ফুটবলে উত্তেজনা ও বিতর্ক এখনো থামেনি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G