বিশ্বকাপ দেখতে নিজের বাড়ি বিক্রি করছেন এক ভক্ত

প্রথম প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো মানুষকে অবাক করা সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ইংল্যান্ডের এক সমর্থক সেই উদাহরণই তৈরি করেছেন নিজের জীবনে।

৬২ বছর বয়সী অ্যান্ডি মিলনে দীর্ঘদিন ধরেই বিশ্বকাপের নিয়মিত দর্শক। ১৯৮২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পুরুষদের আটটি এবং নারীদের একটি—মোট নয়টি বিশ্বকাপ তিনি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেছেন। এবার তার লক্ষ্য দশম বিশ্বকাপ।

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরের খরচ আগের তুলনায় অনেক বেশি হলেও, সুযোগটি হাতছাড়া করতে রাজি নন মিলনে। তাই প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে তিনি নিজের একটি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে থাইল্যান্ডে বসবাসকারী এই অবসরপ্রাপ্ত শিক্ষক ইংল্যান্ড দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি পরে ট্রফির প্রতিরূপ হাতে তার উচ্ছ্বাসের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ইংল্যান্ডের চেশায়ারের নর্থউইচ এলাকায় থাকা তার দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য তুলেছেন তিনি, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।

মিলনের ভাষায়, দীর্ঘ ২৭ বছর ধরে বাড়িটির মালিকানা তার কাছে থাকলেও, এখনই এটি বিক্রির উপযুক্ত সময় বলে মনে করছেন। বিশ্বকাপ দেখার এই সুযোগ তিনি হাতছাড়া করতে চান না।

এই আসরে প্রায় সাত সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার। ফাইনাল পর্যন্ত সব ম্যাচের টিকিটও ইতিমধ্যে সংগ্রহ করেছেন। তবে খরচ কমাতে থাকার জন্য হোটেলের বদলে বন্ধুদের বাসায় থাকার পরিকল্পনা করেছেন তিনি। মেক্সিকো, ডালাস এবং ভ্যানকুভারে তার পরিচিতজন থাকায় সেটি সহজ হবে বলেই আশা করছেন।

ফুটবলের প্রতি এমন ভালোবাসা সত্যিই ব্যতিক্রমী—যেখানে স্বপ্ন পূরণের জন্য একজন মানুষ নিজের সম্পদ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত।

প্রতি /এডি /নিপ্র

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G