ভারতে আয়োজিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটিতে নিপা ভাইরাসের দ্রুত বিস্তার অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নিরাপত্তা শঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইংল্যান্ড প্রথম আপত্তি তোলার পর অস্ট্রেলিয়াও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আলোচনা নতুন করে গতি পেয়েছে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আপাতত আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিধিনিষেধ না দিলেও সতর্কতা বাড়ানো হয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনো নতুন কোনো নিয়ম কার্যকর হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিপা ভাইরাস অত্যন্ত মারাত্মক; এতে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এ কারণে ভারত সরকার হাসপাতালগুলোতে মাস্ক, পিপিই ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবুও খেলোয়াড় ও দলগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি।
পাকিস্তানি গণমাধ্যমের দাবি, ইংল্যান্ডের পর ইউরোপের আরও কয়েকটি দেশ ভারতে খেলতে আগ্রহী নয়। ফলে পুরো বিশ্বকাপ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বর্তমান সূচি অনুযায়ী ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা।
তবে শেষ মুহূর্তে ভেন্যু বদল আইসিসির জন্য কঠিন হয়ে উঠতে পারে। কারণ এর আগে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন তারা নাকচ করেছিল।
এ অবস্থায় আগামী দিনগুলোতে আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করবে—বিশ্বকাপ ভারতে থাকবে নাকি শ্রীলঙ্কায় সরবে।
প্রতি /এডি /শাআ