ভোটকেন্দ্রে মোবাইল নিতে আর বাধা নেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ পূর্বাহ্ণ

ভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, আগে ভোটের গোপনীয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে মোবাইল ফোন বহনে সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত হয়েছিল। তবে বিভিন্ন মহলের মতামত ও প্রতিক্রিয়া বিবেচনা করে কমিশন সেই অবস্থান থেকে সরে এসেছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটারদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে আর কোনো বাধা থাকবে না।

উল্লেখ্য, এর আগে রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল যে, প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আপত্তি জানান এবং তা পুনর্বিবেচনার দাবি তোলেন।

প্রতিক্রিয়া ও আলোচনার পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G