সোনাদিয়া চরে কোস্ট গার্ডের দ্রুত অভিযানে বিদেশি পর্যটক পরিবার উদ্ধার

প্রকাশঃ এপ্রিল ১০, ২০২৬ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে সমুদ্রপথে অবস্থানরত এক বিদেশি পর্যটক পরিবার দুষ্কৃতিকারীদের হামলার শিকার হলে দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি পরিবারসহ বিশ্বভ্রমণের অংশ হিসেবে ২০২৪ সালে বাংলাদেশে আসেন। তারা একটি কাঠের নৌযান ব্যবহার করে সমুদ্রপথে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। তবে নিরাপত্তা ঝুঁকির বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কোস্ট গার্ড তাদের এ ধরনের যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়। পাসপোর্ট যাচাইয়ে দেখা যায়, তাদের ভ্রমণ নথির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

এসব সতর্কতা সত্ত্বেও তারা সোনাদিয়া চরে অবস্থান করছিলেন। গত ৮ এপ্রিল রাতে সেখানে একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে তাদের নৌযানে হামলা চালায়।

খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। অভিযানে পর্যটক পরিবারটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং আশপাশে তল্লাশি চালিয়ে লুট হওয়া বেশিরভাগ জিনিসপত্র উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া পর্যটকদের বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

উদ্ধারের পর পর্যটক পরিবারের পক্ষ থেকে কোস্ট গার্ডের দ্রুত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G