জুলাই নিয়ে আপত্তিকর মন্তব্য, শাওন – মাহি- ফারজানার বিরুদ্ধে জিডি
জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও পোস্টের বিষয়ে অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন থানায় লিখিত অভিযোগ জমা দেয়। পরে সেটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়।
অভিযোগপত্রে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা স্বাক্ষর করেন।
শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে জিডি হয়েছে। অভিযোগটি সাইবার অপরাধসংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তদন্ত করবে সাইবার ইউনিট। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
থানা সূত্র জানায়, অভিযোগকারীরা তাদের আবেদনে দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্য ও ভিডিওতে জুলাই আন্দোলন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। এসব বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে ডিবির দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম বলেন, শাহবাগ থানা থেকে পাঠানো ফরওয়ার্ডিং চিঠি এখনো তাদের হাতে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামও জানান, অভিযোগ দায়েরের বিষয়টি তিনি জেনেছেন। তবে এখনো সংশ্লিষ্ট নথি ডিবির কাছে আসেনি। নথি হাতে পাওয়ার পর তদন্ত শুরু হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অভিযোগে যা বলা হয়েছে
অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরাম দাবি করেছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে তারা অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে।
এছাড়া, মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় জুলাই আন্দোলন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
একইসঙ্গে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করেছেন বলে অভিযোগকারীদের দাবি।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম।
প্রতি / এডি / শাআ









