ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়ে বেনিনের অবিশ্বাস্য জয়

প্রকাশঃ অক্টোবর ২১, ২০২৬ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ৮০ মিনিটের ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশটির যুবারা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে দলটি।

ম্যাচজুড়েই বেনিনের আক্রমণের সামনে অসহায় ছিল ভারতীয় দল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের জালে বল পাঠাতে থাকে বেনিনের খেলোয়াড়েরা। জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকে চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতের খেলোয়াড়দের করা দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়াতে ভূমিকা রাখে।

টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোলের বড় জয় পাওয়ায় দুই ম্যাচ শেষে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ। বিপরীতে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।

টানা দুই ম্যাচে জয় পাওয়ায় ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে ওঠাও নিশ্চিত হয়েছে বেনিনের। গ্রুপ পর্বে এখন পর্যন্ত দলটির আক্রমণভাগ যেমন কার্যকর, তেমনি রক্ষণভাগও রয়েছে অক্ষত।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে বেনিন। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় এই লড়াইয়ে নির্ধারিত হবে গ্রুপের শীর্ষস্থান। ফলে শেষ ম্যাচেও জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বেনিনের যুবারা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G