ঘুষ প্রস্তাবদাতাদের নাম প্রকাশ করতে মুফতি আমির হামজাকে আইনী নোটিশ
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করার জন্য ৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করতে লিগ্যাল নোটিশ পেয়েছেন।
বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের একজন ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত ঘুষ প্রস্তাবদাতাদের নাম সাত দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে বা তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে।
এতে উল্লেখ করা হয়েছে, মুফতি আমির হামজা সম্প্রতি বিভিন্ন জনসভায় দাবি করেছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখতে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। তার এ বক্তব্য ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
নোটিশে আরও বলা হয়, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ২৭ মার্চ নজরে আসার পর দুর্নীতি মুক্ত দেশ গঠনের লক্ষ্য নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ও শরিয়াহ আইনের আলোকে ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই অপরাধী হিসেবে গণ্য, তাই এ ধরনের গুরুতর অভিযোগে নাম গোপন রাখা সমীচীন নয়। নাম প্রকাশ না করলে তা অপরাধীদের আশ্রয় দেওয়ার সমতুল্য হবে।
নোটিশে মুফতি আমির হামজাকে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের মাধ্যমে দেশের দুর্নীতি মোকাবিলায় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতি / এডি / শাআ













