ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী, কান ছিঁড়ে দুই ভাগ হয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশঃ মে ২০, ২০২৬ সময়ঃ ১০:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ অপরাহ্ণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছিল এফডিসি প্রাঙ্গণ। সেই পরিবেশ দেখতে রোববার সেখানে গিয়েছিলেন অভিনেত্রী রঞ্জিতা কনা। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে দেখা হওয়ায় বেশ কিছু সময় আড্ডা ও নির্বাচনী আলোচনা নিয়েই কাটান তিনি। তবে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলার শিকার হন এই অভিনেত্রী।

ঘটনায় তার কানে গুরুতর আঘাত লাগে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কানে সাতটি সেলাই দেন।

এক ভিডিও বার্তায় রঞ্জিতা জানান, রাতের দিকে বাসায় ফেরার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তার কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে কানের অংশ ছিঁড়ে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়।

অভিনেত্রীর ভাষ্য, ঘটনার সময় তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে প্রথমে চিৎকারও করতে পারেননি। পরে পরিস্থিতি বুঝতে পেরে সাহায্যের জন্য ফোন করেন শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে।

তিনি জানান, সহকর্মী জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে কানে সেলাই দেওয়া হয়।

ঘটনাটি রাজধানীর রামপুরা এলাকার একটি গলিতে ঘটে বলে জানা গেছে। রাত সাড়ে ৯টার দিকে বাসার পথে ছিলেন অভিনেত্রী। পরে সহকর্মীরা হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন।

জয় চৌধুরী জানান, হাসপাতালে নেওয়ার সময়ও রক্তপাত বন্ধ হচ্ছিল না। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে সহকর্মীরা বলেন, তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে বাসায় নেওয়া হবে।

উল্লেখ্য, আশির দশকের শেষদিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান রঞ্জিতা। পরে আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই তিনি চলচ্চিত্র থেকে দূরে আছেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G