জ্বালানি খাতে বাংলাদেশকে ৩১ কোটি ডলারের ঋণ সহায়তার ঘোষণা জাপানের
দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী করা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে বড় অঙ্কের ঋণ সহায়তা দিচ্ছে জাপান। এ লক্ষ্যে প্রায় ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থায়নের জন্য দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
ঢাকায় জাপান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থায়ন জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় দেওয়া হবে। মোট ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের এই ঋণের মূল্য প্রায় ৩১২ মিলিয়ন ডলার।
জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও সহনশীল করে তুলতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর এনার্জি সাপ্লাই’ কর্মসূচির অধীনে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিপত্রে সই করেন।
অন্যদিকে, জাপানের পক্ষ থেকে বিনিময় নোটে স্বাক্ষর করেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাহাসি জুনকো।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত সাইদা শিনিচির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বর্তমান সময়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিফলন এই চুক্তি। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক উন্নয়ন এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক কৌশল বাস্তবায়নে বাংলাদেশ জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই অর্থায়ন দেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রতি / এডি / শাআ












