ডিনার অনুষ্ঠানে গুলির শব্দ, দ্রুত সরানো হলো ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান চলাকালে আকস্মিক বিকট শব্দে নিরাপত্তা শঙ্কা তৈরি হলে দ্রুত সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এ এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ জোরালো শব্দ শোনার পর উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অনেকে প্রথমে সেটিকে গুলির শব্দ বলে মনে করেন।
পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে তৎপর হয় মার্কিন নিরাপত্তা সংস্থা। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সময়ে অনুষ্ঠানস্থলের বাইরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
ঘটনার পর সাময়িকভাবে অনুষ্ঠান স্থগিত করা হয়। এ সময় ভেতরে থাকা অনেক অতিথিকে আতঙ্কে নিচু হয়ে আশ্রয় নিতে দেখা যায়। পরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর নিরাপত্তা জোরদার করে এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।
তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনার উৎস ও প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতি / এডি / শাআ













