দেড় বছর পর সাইফের ওপর হামলার কথা স্বীকার করলেন বাংলাদেশি শরীফুল

প্রকাশঃ আগস্ট ২৯, ২০২৬ সময়ঃ ১০:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ অপরাহ্ণ

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নতুন মোড় এসেছে। ঘটনার প্রায় দেড় বছর পর আদালতে হামলার দায় স্বীকার করেছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম, যিনি ভারতে বিজয় দাস নামে পরিচিত ছিলেন। শুক্রবার (২৮ আগস্ট) আদালতে হাজির হয়ে তিনি নিজেই সাইফ আলী খানের ওপর হামলা চালানোর কথা স্বীকার করেন। একই সঙ্গে নিজের শাস্তি কমানোর আবেদন জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসায় অবস্থান করছিলেন সাইফ আলী খান। ওই রাতে এক ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করেন এবং একপর্যায়ে অভিনেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন সাইফ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

হামলার পর অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে মুম্বাই পুলিশ। ঘটনার দুই দিন পর থানে এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তদন্তের পর পুলিশ জানায়, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম। ভারতে অবস্থানের সময় তিনি বিজয় দাস নাম ব্যবহার করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তারের পর শরীফুল অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। সাইফের বাড়িতে প্রবেশ কিংবা অভিনেতার ওপর হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছিলেন তিনি। এমনকি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন।

তবে শুক্রবার আদালতে সেই অবস্থান থেকে সরে আসেন শরীফুল। বিচারক মাহেশ রামরাওয়ের সেশন আদালতে নিজের অপরাধের কথা স্বীকার করেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় অনুতপ্ত বলেও জানান।

শরীফুলের আইনজীবী ভিপুল দুসিং জানিয়েছেন, নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা থেকেই তার মক্কেল আদালতে দায় স্বীকার করেছেন। পাশাপাশি তুলনামূলক কম শাস্তি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

এদিকে, শরীফুলের বিরুদ্ধে থাকা অভিযোগে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে মামলাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সম্প্রতি এর বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে সাইফের বান্দ্রার বাসায় ঢোকার পর অভিনেতা তাকে দেখে ফেলেছিলেন। এরপরই ধারালো অস্ত্র দিয়ে সাইফের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শুরু হয়। দীর্ঘ চিকিৎসার পর শারীরিকভাবে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G