ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক-ফ্যাসেটের নতুন উদ্যোগ
বিদেশে কাজ করে উপার্জন করা অর্থ বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে আনার সুযোগ বাড়াতে অংশীদারত্ব গড়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড। এ উদ্যোগের আওতায় ফ্রিল্যান্সার, দূরবর্তী কর্মী এবং বিদেশে ব্যবসা পরিচালনাকারীরা ফ্যাসেটের মাধ্যমে অর্জিত আয় এনআরবি ব্যাংকের মাধ্যমে দেশে গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠান দুটির দাবি, বাংলাদেশে এ ধরনের সেবা চালুর উদ্যোগ এটিই প্রথম। একই সঙ্গে বাংলাদেশের কোনো ব্যাংকের সঙ্গে ফ্যাসেটের এটিই প্রথম অংশীদারত্ব।
গত ২২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ফ্যাসেটের মাধ্যমে বিদেশ থেকে অর্থ গ্রহণকারী গ্রাহকেরা এনআরবি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে সেই অর্থ তুলতে বা হিসাবে জমা নিতে পারবেন। লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বিনিময় হার কার্যকর হবে। এর ফলে ফ্যাসেট ব্যবহারকারীরা সরাসরি একটি স্থানীয় ব্যাংকের মাধ্যমে নিজেদের বিদেশি উপার্জন দেশে আনার সুযোগ পাবেন।
ব্যাংকিং চ্যানেলে মিলবে আয়ের নথি
এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়ে সম্পন্ন হবে। ফলে গ্রাহকদের বিদেশি আয়ের বিপরীতে ব্যাংক থেকে যাচাইযোগ্য লেনদেনের নথি পাওয়া যাবে। প্রযোজ্য নিয়ম ও শর্ত পূরণ হলে দেশে আসা অর্থের বিপরীতে সরকারি রেমিট্যান্স প্রণোদনা পাওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি বিদেশি গ্রাহকদের সঙ্গে ব্যবসা পরিচালনাকারীদের রপ্তানি আয়ের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার প্রক্রিয়া সহজ হতে পারে।
অনুমোদিত ডিলার ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রাসংক্রান্ত নীতিমালা অনুসরণ করে অর্থ বিতরণ করবে। অন্যদিকে, ফ্যাসেট গ্রাহকের পরিচয় যাচাই এবং অর্থপাচার প্রতিরোধে প্রয়োজনীয় যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করবে। গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়ার আগে প্রাপকের তথ্য যাচাই এবং স্থানীয় পর্যায়ে অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত পরীক্ষা চালাবে এনআরবি ব্যাংক। প্রতিষ্ঠান দুটির মতে, এ ব্যবস্থায় লেনদেনের নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখা সহজ হবে।
দ্রুত ও নির্ভরযোগ্য সেবায় গুরুত্ব
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও প্রধান অর্থপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) আনোয়ার উদ্দিন বলেন, রেমিট্যান্স বাড়ানো এবং গ্রাহকদের জন্য সেবা সহজ করার ক্ষেত্রে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফ্যাসেটের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের উপার্জনের অর্থ আরও দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে দেশে পাঠাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ফ্যাসেটের প্রধান প্রবৃদ্ধি কর্মকর্তা সাদ নাভিদ পাল বলেন, এনআরবি ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসেটের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। প্রযুক্তিনির্ভর ও সহজ আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য প্রতিষ্ঠানটির রয়েছে, নতুন চুক্তি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার মাধ্যমে রেমিট্যান্স সেবা সহজ করা এবং ডিজিটাল আর্থিক সেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।
আন্তর্জাতিক লেনদেন সম্প্রসারণের পরিকল্পনা
এনআরবি ব্যাংক রেমিট্যান্স ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। ফ্যাসেটের সঙ্গে এই চুক্তিকে ব্যাংকটির সেই কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করার নতুন সুযোগ নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) কিমিয়া সাদাত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ। ফ্যাসেটের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস এবং গ্লোবাল সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসান।
প্রতি / এডি / শাআ


















