বন্যার পানিতে চট্টগ্রামে বাড়ছে সাপের উপদ্রব, কামড়ে আক্রান্ত ৭৫
চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সাপের কামড়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সাপের দংশনে ৭৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন।
রোববার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম নিয়মিত কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। এছাড়া গর্ভবতী নারী, অসুস্থ শিশু কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের নৌকার মাধ্যমে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ভাষ্য অনুযায়ী, বন্যার পানিতে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় দংশনের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৭৫ জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে একই সময়ে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে ২০ থেকে ২৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে নয়, তবুও বন্যার পানি সরে যাওয়ার পর দূষিত পানি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্যানিটেশন সংকটের কারণে পানিবাহিত রোগের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ দুর্গত এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানি পান, নিরাপদ খাবার গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছে, যাতে বন্যা-পরবর্তী সময়ে রোগের বিস্তার কমিয়ে আনা যায়।
প্রতি / এডি / শাআ









