ঢালিউড কুইন অপু বিশ্বাস অভিনয়ে এখন নিয়মিত না থাকলেও নানা কারণে সারাবছরই আলোচনায় থাকেন তিনি। বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, শোরুম উদ্বোধন এবং নানা প্রতিষ্ঠানের ইভেন্টে তাকে প্রায়ই দেখা যায়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন লুক ও ফটোশুট শেয়ার করে ভক্তদের মধ্যে আলাদা উপস্থিতি তৈরি করেন এই অভিনেত্রী।
তবে তার পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি। দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতন পেরিয়ে আসা এই তারকা সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবন, ক্যারিয়ার এবং অতীত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন।
বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস স্পষ্টভাবে জানান, তার মতে খুব অল্প বয়সে আবেগের বশে বিয়ে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, পরিণত না হয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, এবং নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এখন এমনটাই মনে করেন।
ভবিষ্যতে নতুন করে সংসার শুরু করার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস কোনো নির্দিষ্ট উত্তর দেননি। তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলার অবস্থায় নেই।
সাক্ষাৎকারে ট্রল ও সমালোচনা নিয়েও কথা বলেন তিনি। অপু বিশ্বাস জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আসা নেতিবাচক মন্তব্যে তিনি খুব একটা প্রভাবিত হন না। বরং অনেক সময় তিনি এসব বিষয় উপেক্ষা করেন এবং কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবেই নেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে তিনি বিয়ের কথা প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের এক সন্তান রয়েছে।
সাক্ষাৎকারে আরও উঠে আসে তার শুটিং ফ্লোরের অভিজ্ঞতার কথাও। অপু বিশ্বাস জানান, আগের সময়ের তুলনায় এখন তিনি অনেক বেশি সচেতনভাবে কাজ করেন এবং ক্যামেরার সামনে নিজেকে আরও প্রফেশনালি উপস্থাপন করার চেষ্টা করেন।
অন্যদিকে, তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি গেল ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
প্রতি / এডি / শাআ