সেই ফাইয়াজের ভাই এখন জাকসুর জিএস

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জুলাই আন্দোলনের সময়কার একটি ছবি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, শরীরে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি, দুই হাত বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ—ছবিটি দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ তখন মাত্র ১৭ বছরের, ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফাইয়াজ তিন ভাইয়ের মেজো। তার বড় ভাই মাজহারুল ইসলাম (ডাকনাম ফাহিম) সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন।

ভাইয়ের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফাইয়াজ নিজের ফেসবুকে লেখেন, একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম—আম্মু, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, ফাহিম। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।”

ফাইয়াজ আশা প্রকাশ করেন, তার ভাই শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা করবেন, অধিকার রক্ষায় আপসহীন থাকবেন এবং মতামতের বৈচিত্র্যকে গুরুত্ব দেবেন।

বিশ্ববিদ্যালয় জীবনে মাজহারুল ইসলাম বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিটের সিইউও ও ক্যাডেট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (জেইউডিও)-এর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও একাডেমিক প্ল্যাটফর্মেও সক্রিয় ছিলেন।

জুলাই আন্দোলনের সময়কার অভিজ্ঞতা স্মরণ করে ফাইয়াজ লিখেছেন, ভাইয়া তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার অবস্থান জানতে চেয়েছিল। আমার কাছ থেকে না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করেছিল। কিন্তু কৌশলী হওয়ায় ভাইয়াকে ধরতে পারেনি।”

তার পোস্টে আরও উল্লেখ ছিল, সবাই দোয়া করবেন, আমার আম্মুর সবচেয়ে প্রিয় মানুষকে যেন জাকসুতেও শিক্ষার্থীরা তাদের প্রিয় হিসেবে গ্রহণ করেন। আল্লাহ যেন ভাইয়ার লক্ষ্য উদ্দেশ্য কবুল করেন।”

গত ১১ সেপ্টেম্বর জাকসুতে ভোট গ্রহণ হয়। টানা ৪৪ ঘণ্টার গণনা শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G