স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে এবার কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার আর কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ–এর হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফেরত এনে পুনরায় নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।
বুধবার এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত মানুষের ভিড় এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের যিনি মহিষটি কিনেছিলেন, তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে মহিষটি আবার আগের খামারেই রাখা হয়েছে এবং আগের মতোই পরিচর্যা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম এ লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিল। এর সাদা রঙের লোম ও মাথার চুলের আকৃতি অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর চেহারার সঙ্গে মিল থাকায় খামার কর্তৃপক্ষ এর নাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
মহিষটি ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেটি দেখতে খামারে ভিড় করতে শুরু করেন। শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতি / এডি / শাআ













