হঠাৎ কমতে শুরু করেছে দেশে আসা রেমিট্যান্স

প্রকাশঃ জুন ৪, ২০২৬ সময়ঃ ১১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ অপরাহ্ণ

চলতি জুন মাসের প্রথম তিন দিনে দেশে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ প্রায় ২০ শতাংশ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, শুধু ৩ জুনই দেশে প্রবাসী আয় এসেছে ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার। আর ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলারে। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবার প্রবাহ কমেছে প্রায় ১৯ দশমিক ৯৬ শতাংশ।

তবে সামগ্রিক চিত্রে রেমিট্যান্স এখনও শক্ত অবস্থানে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩ জুন পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ।

এদিকে বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছে। প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।

এর মাধ্যমে জুন মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় বেড়ে দাঁড়িয়েছে ১০১ মিলিয়ন ডলারে। আর পুরো ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয়ের পরিমাণ হয়েছে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স ও রফতানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G