হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এক হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে এক হাজার ২১ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া ৮০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত বা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০১ জন।
গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ২৪ হাজার ৪৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
একই সময়ের হিসাবে দেশে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৪২ হাজার ৭৯৭ জন শনাক্ত হয়েছেন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৯ জন।
অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে।
প্রতি / এডি / শাআ



















