হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ, আত্মপক্ষ সমর্থন ১৭ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ১০, ২০২৫ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ১৭ নভেম্বর আসামিপক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

সোমবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। একই আদালতে আসামি সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পৃথক মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলছে। আগামী ১৭ নভেম্বর আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী মো. শাহিনুর ইসলাম ওই জেরা চালিয়ে যাবেন।

এর আগে গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের পক্ষের ছয় মামলায় অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে মামলাগুলোর আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।

চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করে।

অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে অবস্থিত ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন, যদিও তারা এ ধরনের বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না।

আসামিদের মধ্যে রয়েছেন—শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও কয়েকজন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে সরকারি জমি বরাদ্দ নিয়ে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ।

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G