১ম থেকে ২০তম গ্রেডে সকল সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা
নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতার আওতা আরও বাড়ছে। প্রথমবারের মতো প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব পর্যায়ের সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। এতদিন শুধু পঞ্চম গ্রেড পর্যন্ত কর্মরতরা মোবাইল ভাতা পেতেন।
দাপ্তরিক যোগাযোগ ও সরকারি কাজের প্রয়োজনে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যেও এ বিষয়টি জানানো হয়।
বর্তমান কাঠামো অনুযায়ী, প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা করে মোবাইল ভাতা পান।
কোন গ্রেডে কত ভাতার প্রস্তাব
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশে ষষ্ঠ থেকে দশম গ্রেডের জন্য মাসিক ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের জন্য ৪০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
সে অনুযায়ী প্রস্তাবিত কাঠামোতে প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১ হাজার ৫০০ টাকা, চতুর্থ ও পঞ্চম গ্রেডে ১ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম গ্রেডে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডে ৪০০ টাকা ভাতা দেওয়ার কথা ছিল।
এই প্রস্তাবিত হার কার্যকর হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশন বাদ দিয়ে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৬০৬ কোটি টাকা ব্যয় হওয়ার হিসাব করা হয়েছিল।
তবে পরে সচিব কমিটি ভাতার হার পুনর্বিবেচনার সুপারিশ করেছে। কমিটির প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সরকারি দাপ্তরিক কাজে এখন প্রায় সব পর্যায়ের কর্মচারীকেই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ কারণে সব গ্রেডকে ভাতার আওতায় আনার প্রয়োজনীয়তা থাকলেও সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার পরিমাণ কমানোর সুপারিশ করা হয়েছে।
পর্যায়ক্রমে কার্যকর হবে নতুন বেতনস্কেল
জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। নতুন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা হবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছর এবং পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বেতনস্কেলের বিভিন্ন সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নতুন বেতনস্কেলের সুবিধার আওতায় আসবেন দেশের প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারী। একই সঙ্গে প্রায় ৯ লাখের বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং অন্যান্য যোগ্য সুবিধাভোগীরাও নতুন কাঠামোর সুবিধা পাবেন।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা
নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু নতুন সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসিক ভাতার ব্যবস্থাটিও উল্লেখযোগ্য।
সিদ্ধান্ত অনুযায়ী, একজন সরকারি কর্মচারী বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। নতুন এই সুবিধার ফলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের পরিবারের আর্থিক সহায়তাও কিছুটা বাড়বে।
প্রতি / এডি / শাআ























