১২০ কোটি টাকা নিয়ে পালানোর চেষ্টা, বিমানবন্দরে আটক

প্রকাশঃ মে ১২, ২০২৬ সময়ঃ ৯:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৯ অপরাহ্ণ

আবাসন ব্যবসার আড়ালে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে পালানোর উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম হায়দার কবির মিথুন। তিনি ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড’-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্বে ছিলেন। রবিবার ভোরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় বলে সিআইডির মিডিয়া শাখা নিশ্চিত করেছে।

সিআইডি জানায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি উত্তরখান এলাকার কাছে ১০ কাঠা জমির ওপর ৯ তলা একটি ভবন নির্মাণের পরিকল্পনা দেখিয়ে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের দাম ধরা হয় ১৫ লাখ টাকা। এই প্রস্তাবে আকৃষ্ট হয়ে অনেক গ্রাহক অফিসে গিয়ে অর্থ প্রদান করেন।

অভিযোগে বলা হয়, একজন বাদী একাধিক কিস্তিতে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। একই সময়ে কোম্পানির এমডি, ডিএমডি ও অন্যান্য কর্মকর্তারা লেনদেনের সময় উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। আরেকজন গ্রাহকও ৯ লাখ টাকা দেন।

গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হলেও জমি রেজিস্ট্রেশন বা প্রকল্প বাস্তবায়ন হয়নি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরে জানা যায়, প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে মোট প্রায় ১২০ কোটি টাকা নেওয়া হয়েছে।

পরে টাকা ফেরত চাইলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে। তদন্তে আরও উঠে আসে, কোম্পানির এমডি আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সেই পর্ষদ আগের লেনদেনের দায় নিতে অস্বীকৃতি জানায়।

সিআইডির তদন্তে বলা হয়েছে, হায়দার কবির মিথুন এই প্রতারণামূলক কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন এবং অর্থ সংগ্রহ ও আত্মসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং মোবাইল বন্ধ রেখে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G