প্রয়োজনে ইসি পুনর্গঠনের আন্দোলনে নামবে এনসিপি: সারজিস আলম

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২৫ সময়ঃ ৭:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ না দেওয়াকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসি যদি স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে প্রয়োজনে কমিশন পুনর্গঠনের আন্দোলনে নামবে এনসিপি।

রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ইসি যদি নিজের স্বকীয়তা ও স্বাধীনতা দেখাতে না পারে, তাহলে তাদের ওপর দেশের মানুষ আস্থা রাখতে পারবে না। ‘শাপলা’ প্রতীক পেতে রাজপথে নামতে হলে আমরা একই সঙ্গে স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাব।”

প্রশাসনের আচরণের সমালোচনা করে সারজিস বলেন, “প্রশাসনে কেউ বিএনপিপন্থী, কেউ জামায়াতপন্থী, আবার কেউ অতীতের কারণে আওয়ামীপন্থী আচরণ করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এবার হয়তো অনেকে পার পেয়ে গেছেন, কিন্তু ভবিষ্যতে এমন আচরণ করলে কেউই রেহাই পাবেন না। এখনই দলীয় নয়, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠুন।”

হাইকোর্টে দলীয় প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, “দেশের গুরুত্বপূর্ণ আদালতগুলোতে এমন অনেক আইনজীবী ও বিচারক আছেন, যারা টাকার বিনিময়ে কিংবা রাজনৈতিক দর-কষাকষিতে হত্যা মামলার আসামিদের জামিন দেন। এতে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমছে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই যদি কঠোর না হন, তবে দেশের স্থিতিশীলতা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা কঠিন হবে।”

সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির ও দিদার শাহসহ অন্যান্য নেতারা।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G