ক্ষুধার্ত সহযাত্রীর পরিচয় জানতেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা

প্রকাশঃ জুলাই ৫, ২০২৬ সময়ঃ ৬:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

ডাবলিনপ্রবাসী ভারতীয় লেখিকা নিবেদিতা শুক্লার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এক ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দিতে গিয়ে তিনি তার পাকিস্তানি পরিচয় জানতে পেরে সিদ্ধান্ত বদলেছিলেন বলে নিজেই দাবি করেছেন। পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত ২৯ জুন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নিবেদিতা জানান, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে প্রায় ১০ ঘণ্টার ট্রানজিটে থাকার সময় তিনি এমন একজন যাত্রীকে দেখেন, যাকে তার আর্থিকভাবে অসচ্ছল মনে হয়েছিল। মানবিক কারণে নিজের সঙ্গে থাকা খাবারটি তাকে দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যান।

পোস্ট অনুযায়ী, কথোপকথনের সময় তিনি হিন্দিতে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। প্রথমে জানতে চান তিনি ডাবলিন থেকে এসেছেন কি না। ইতিবাচক উত্তর পাওয়ার পর গন্তব্য সম্পর্কে প্রশ্ন করলে ওই ব্যক্তি জানান, তিনি পাকিস্তানের করাচিতে যাচ্ছেন। এরপরই নিবেদিতা আর খাবার না দিয়ে নিজের আসনে ফিরে যান বলে পোস্টে উল্লেখ করেন।

এতেই শেষ নয়, পোস্টের শেষাংশে তিনি একটি আপত্তিকর হিন্দি বাক্য ব্যবহার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

পোস্টটি অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রায় ১৮ লাখের বেশি মানুষ এটি দেখেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেকেই লেখিকার আচরণকে বৈষম্যমূলক, অমানবিক ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেন।

সমালোচকদের একজন রোহিণী সিং লেখেন, যদি কেউ এমন আচরণ করে এবং সেটিকে গর্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে, তাহলে সেই দেশের নাগরিকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

আরেক ব্যবহারকারী ইরেনা আকবর মন্তব্য করেন, ভারতীয়দের প্রতি বিরূপ মনোভাবের কারণ নিয়ে প্রশ্ন তোলার আগে লেখিকার নিজের আচরণই তার উত্তর দিয়ে দিয়েছে।

এ ছাড়া আরও অনেক ব্যবহারকারী লেখিকার এই আচরণকে ‘প্রোজেকশন’ বা নিজের মানসিক অবস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন। তাদের মতে, অন্যের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়, অনেক সময় তা নিজের মনোভাবকেই প্রকাশ করে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G