ছুটির দিনে ঘরেই বানিয়ে নিন মজাদার চিকেন ভেজিটেবল রোল

প্রকাশঃ অক্টোবর ৩, ২০২৬ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২১ অপরাহ্ণ

ছুটির দিনে বিকেলের আড্ডায় এক কাপ চায়ের সঙ্গে গরম গরম নাশতা থাকলে সময়টা আরও উপভোগ্য হয়ে ওঠে। প্রতিবার দোকান থেকে স্ন্যাক্স কিনে আনার বদলে চাইলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু চিকেন ভেজিটেবল রোল।

সহজলভ্য উপকরণেই তৈরি করা যায় এই রোল। বাইরে থাকবে মচমচে আবরণ, আর ভেতরে থাকবে চিকেন, পেঁয়াজ ও বিভিন্ন সবজির ঝাল-মসলাদার পুর। বিকেলের নাশতা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, দুই ক্ষেত্রেই এটি হতে পারে চমৎকার আয়োজন।

চলুন জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে তৈরি করবেন চিকেন ভেজিটেবল রোল।

উপকরণ

  • ময়দা ১ কাপ
  • মুরগির মাংস ১ কাপ, ছোট কিউব করে কাটা
  • মিশ্র সবজি দেড় কাপ, গাজর, বাঁধাকপি ও ক্যাপসিকাম
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • ডিম ২টি
  • ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া ১ কাপ
  • তেল প্রয়োজনমতো
  • পানি প্রয়োজনমতো
  • লবণ স্বাদ অনুযায়ী

যেভাবে তৈরি করবেন

প্রথমে মুরগির মাংস সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে রাখুন। এরপর একটি কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও আদা-রসুন বাটা দিন। উপকরণগুলো হালকা ভাজা হলে এতে কাটা সবজি ও সিদ্ধ মুরগির মাংস যোগ করুন।

এবার সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। সবজি নরম হয়ে পুরটি কিছুটা শুকিয়ে মাখা মাখা হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এরপর পুরটি ঠান্ডা হতে রাখুন।

এবার রোলের বাইরের শিট তৈরির পালা। একটি বাটিতে ময়দা, একটি ডিম, সামান্য লবণ ও এক চা চামচ তেল নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে পাতলা ও মসৃণ ব্যাটার তৈরি করুন।

চুলায় নন-স্টিক প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করুন। অল্প পরিমাণ ব্যাটার প্যানে ঢেলে দ্রুত ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। কম আঁচে অল্প সময় রান্না করলেই পাতলা শিট তৈরি হয়ে যাবে। শিটটি প্যান থেকে উঠে এলে তুলে রাখুন। একইভাবে বাকি ব্যাটার দিয়েও শিট তৈরি করে নিন।

এবার একটি শিটের ওপর পরিমাণমতো চিকেন-সবজির পুর রাখুন। দুই পাশ ভাঁজ করে ভেতরের পুর আটকে দিয়ে ধীরে ধীরে রোল করে নিন। রোলের শেষ অংশটি ভালোভাবে আটকানোর জন্য ময়দা ও পানি মিশিয়ে তৈরি করা পাতলা পেস্ট ব্যবহার করতে পারেন।

সবগুলো রোল তৈরি হয়ে গেলে একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। প্রতিটি রোল ডিমে ভালোভাবে ডুবিয়ে নিয়ে ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। এতে ভাজার পর রোলের বাইরের অংশ সুন্দর মচমচে হবে।

এরপর কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে রোলগুলো ছেড়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে উল্টে-পাল্টে ভাজুন, যতক্ষণ না চারপাশ সোনালি বাদামি হয়ে আসে।

ভাজা হয়ে গেলে রোলগুলো তেল থেকে তুলে কিছুক্ষণ ঝরিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মচমচে চিকেন ভেজিটেবল রোল।

গরম গরম রোল টমেটো সস, পুদিনার চাটনি কিংবা পছন্দের যেকোনো ডিপের সঙ্গে পরিবেশন করতে পারেন। চায়ের সঙ্গে বিকেলের নাশতা হিসেবে জমবে বেশ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G