১৬৭ বছরের অমীমাংসিত গণিতের জটিল সমস্যার সমাধান দিলো ক্লড এআই

প্রকাশঃ নভেম্বর ২২, ২০২৬ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় গণিতের প্রায় ১৬৭ বছরের পুরোনো একটি জটিল সমস্যার সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে। তার দাবি, এআই প্রতিষ্ঠানটির তৈরি চ্যাটবট ক্লডের সঙ্গে কাজ করেই বিখ্যাত ‘রিমান হাইপোথিসিস’-এর প্রমাণ বের করতে সক্ষম হয়েছেন তিনি। তবে এই সমাধানের সত্যতা এখনো স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা হয়নি।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান জানিয়েছে, আলপোগে তার ব্যক্তিগত ওয়েবসাইটে চার পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করে এ দাবি করেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সেখানে তিনি উল্লেখ করেছেন, ক্লডের সঙ্গে যৌথভাবে কাজ করার ফলেই রিমান হাইপোথিসিসের একটি সম্ভাব্য প্রমাণ পেয়েছেন বলে তার বিশ্বাস।

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান প্রথম এই গাণিতিক অনুমানটি সামনে আনেন। পরবর্তী সময়ে এটি গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা হিসেবে পরিচিতি পায়। বিশ্বের সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর একটি এই রিমান হাইপোথিসিস। সমস্যাটির সঠিক সমাধান দিতে পারলে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।

রিমান হাইপোথিসিস আসলে কী?

সহজভাবে বলতে গেলে, মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টন বোঝার সঙ্গে রিমান হাইপোথিসিসের গভীর সম্পর্ক রয়েছে।

যেসব সংখ্যা কেবল ১ এবং নিজেদের দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন ২, ৩, ৫, ৭ ও ১১। সংখ্যার পরিসর যত বাড়তে থাকে, এসব মৌলিক সংখ্যার অবস্থান ততটাই অনিয়মিত বলে মনে হয়। কিন্তু গণিতবিদদের ধারণা, এই আপাত এলোমেলো বণ্টনের পেছনে একটি নির্দিষ্ট গাণিতিক নিয়ম রয়েছে।

রিমান হাইপোথিসিস সেই নিয়মকে আরও গভীরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। এটি প্রমাণিত হলে মৌলিক সংখ্যাগুলো কীভাবে ছড়িয়ে রয়েছে, সে সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও নির্ভুল হবে। পাশাপাশি এই অনুমানের ওপর নির্ভরশীল গণিতের বহু গুরুত্বপূর্ণ সূত্র ও তত্ত্বের ভিত্তিও আরও শক্তিশালী হবে।

ক্লড এআইয়ের সহযোগিতায় যেভাবে এগিয়েছে গবেষণা

লেভেন্ট আলপোগের ভাষ্য অনুযায়ী, রিমান হাইপোথিসিস নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন। তবে সাম্প্রতিক কয়েক মাসে ক্লড এআইকে সঙ্গে নিয়ে গবেষণার কাজ এগিয়ে নেন। এ সময় তিনি এআই মডেলটিকে প্রয়োজনীয় গাণিতিক দিকনির্দেশনা দেন। পরবর্তী সময়ে সমস্যাটির সমাধানের পথে ক্লড নিজেই গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখায়।

ক্লডের অবদানের প্রশংসা করে আলপোগে বলেন, গবেষণার শেষ পর্যায়ে এআই মডেলটি অসাধারণ দক্ষতা দেখিয়েছে। তিনি গবেষণাকে সঠিক পথে পরিচালিত করার পর ক্লড এমন কিছু কাজ করেছে, যা তাকে বিস্মিত করেছে।

সমাধানের প্রমাণ কতটা নির্ভরযোগ্য?

আলপোগে জানিয়েছেন, তার তৈরি গাণিতিক প্রমাণ যাচাইয়ের সুবিধার্থে ‘লিন’ নামের একটি আনুষ্ঠানিক গাণিতিক প্রোগ্রামিং ভাষায় সাজানো হয়েছে। এর মাধ্যমে গাণিতিক যুক্তির প্রতিটি ধাপ কম্পিউটারের সাহায্যে পরীক্ষা করা সম্ভব।

ইতিমধ্যে তিনি প্রমাণটির কম্পিউটারে যাচাইযোগ্য উপাত্ত প্রকাশ করেছেন। তবে সাধারণ পাঠকের জন্য উপযোগী করে লেখা পূর্ণাঙ্গ গবেষণাপত্র এখনো প্রকাশিত হয়নি। আলপোগের স্বীকারোক্তি অনুযায়ী, প্রমাণটির বর্তমান রূপ বেশ দীর্ঘ। সেটিকে আরও সহজ ও সংক্ষিপ্ত করার কাজ চলছে।

প্রাথমিকভাবে স্বাধীন গবেষকদের পর্যবেক্ষণে প্রকাশিত ফাইলগুলোর সঙ্গে তার ঘোষণার সামঞ্জস্য পাওয়া গেছে। পাশাপাশি ব্যবহৃত গাণিতিক পদ্ধতিগুলো ‘লিন’ প্রোগ্রামের প্রচলিত নিয়ম অনুসরণ করেছে বলেও জানা গেছে। তবে পুরো প্রমাণের প্রতিটি ধাপ এখনো বিস্তারিতভাবে পরীক্ষা করা বাকি।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো জটিল গাণিতিক সমাধান তৈরি করা এক বিষয়, আর সেটিকে স্বাধীন গবেষকদের যাচাইয়ে নির্ভুল হিসেবে প্রতিষ্ঠা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই আলপোগের দাবিকে এখনই চূড়ান্ত আবিষ্কার হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তবে শেষ পর্যন্ত তার প্রমাণ সঠিক বলে প্রতিষ্ঠিত হলে তা শুধু গণিতের জগতেই নয়, বিজ্ঞান গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেও নতুন ইতিহাস তৈরি করতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G