একসময় পুরুষের লম্বা চুল রাখা ছিল নিষিদ্ধ, কেন ছিল এমন নিয়ম?
স্কুল-কলেজে পড়ার সময় চুল বড় রাখার কারণে শিক্ষকদের বকুনি শোনেননি, এমন ছেলে খুঁজে পাওয়া কঠিন। ‘চুল এত বড় কেন? কালই সেলুনে গিয়ে ছোট করে আসবে’—এমন কথা অনেকেরই পরিচিত। তবে প্রায় দেড় হাজার বছর আগে রোমান সাম্রাজ্যে ছেলেদের লম্বা চুল রাখার বিষয়টি শুধু স্কুলের শাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ নিয়ে জারি হয়েছিল সরকারি নিষেধাজ্ঞা। এমনকি আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থাও ছিল।
ফ্যাশন মানেই শুধু নিজেকে সুন্দর বা আকর্ষণীয় করে তোলা নয়। ইতিহাসে পোশাক ও চুলের ধরন অনেক সময় মানুষের সামাজিক অবস্থান, সংস্কৃতি এবং রাজনৈতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। কোনো ব্যক্তি কী ধরনের পোশাক পরছেন বা কেমন চুল রাখছেন, তা দিয়ে তাঁর পছন্দ ও সাংস্কৃতিক প্রভাব সম্পর্কেও ধারণা পাওয়া যায়। আর কখনো কখনো এসব বিষয় ক্ষমতাবানদের উদ্বেগের কারণও হয়ে দাঁড়ায়।
লম্বা চুল নিয়ে সম্রাটদের আপত্তি
ঘটনাটি ৪১৬ খ্রিষ্টাব্দের। তখন রোমের শাসনক্ষমতায় ছিলেন সম্রাট হনোরিয়াস ও দ্বিতীয় থিওডোসিয়াস। সে সময় রোমের পুরুষদের মধ্যে ঘাড় পর্যন্ত লম্বা চুল রাখার প্রবণতা বাড়ছিল। বিষয়টি ভালোভাবে নেননি শাসকেরা। তাঁদের চোখে এ ধরনের চুলের সাজ ছিল রোমের বাইরের জনগোষ্ঠীর সংস্কৃতির অনুকরণ।
৪১৬ সালের ১২ ডিসেম্বর জারি করা এক আইনে রোম নগরী ও আশপাশের এলাকায় লম্বা চুল রাখা এবং পশুর চামড়ার তৈরি পোশাক পরা নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা থেকে দাসেরাও বাদ পড়েননি। আইন অমান্য করলে স্বাধীন নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং দাসদের জনসেবামূলক কাজে নিয়োগের বিধান রাখা হয়েছিল।
তবে সম্রাটদের এই সিদ্ধান্তের পেছনে শুধু চুলের ধরন বা পোশাকের রুচি কাজ করেনি। ইতিহাসবিদ হাভিয়ের আর্সের গবেষণা অনুযায়ী, এর সঙ্গে জড়িয়ে ছিল রোমানদের সাংস্কৃতিক পরিচয় ও সামাজিক মর্যাদার প্রশ্ন।
শত্রুদের ফ্যাশন অনুসরণ করছিল রোমানরা
তখন রোমান সাম্রাজ্যের আশপাশে ফ্রাঙ্ক, গথ ও বিভিন্ন জার্মানিক জনগোষ্ঠীর বসবাস ছিল। রোমানরা নিজেদের সভ্যতার দিক থেকে শ্রেষ্ঠ মনে করত। অন্যদিকে এসব জনগোষ্ঠীকে তারা প্রায়ই ‘বর্বর’ বলে অভিহিত করত।
কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। যাদের সংস্কৃতিকে রোমানরা তুচ্ছ করত, তাদের পোশাক ও চুলের ধরনই রোমের সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছিল। অনেক রোমান পুরুষও লম্বা চুল রাখতে এবং পশুর চামড়ার পোশাক পরতে আগ্রহী হয়ে উঠেছিলেন।
রোমান শাসক ও অভিজাতদের কাছে বিষয়টি ছিল মর্যাদার প্রশ্ন। যাদের তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী ও অপেক্ষাকৃত অনুন্নত বলে মনে করত, তাদের ফ্যাশনই যদি রোমানদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে নিজস্ব সংস্কৃতি ও পরিচয়ের স্বাতন্ত্র্য কোথায় থাকবে? গবেষক আর্সের ব্যাখ্যায়, এই সাংস্কৃতিক প্রভাব ঠেকানোর চিন্তাও নিষেধাজ্ঞার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
পোশাক নিয়ন্ত্রণের ইতিহাস ছিল আগেও
প্রাচীন রোমে মানুষের পোশাক ও বাহ্যিক সাজসজ্জা নিয়ে সরকারি বিধিনিষেধ নতুন কিছু ছিল না। সমাজে কে কোন ধরনের পোশাক পরতে পারবেন, তা অনেক সময় তাঁর পদমর্যাদা ও সামাজিক অবস্থানের ওপর নির্ভর করত।
রোমান আইনসংকলনে এ ধরনের বেশ কিছু বিধান পাওয়া যায়। যেমন, ৩৮২ খ্রিষ্টাব্দে জারি করা একটি আইনে সেনেটরদের নগরীর ভেতরে সামরিক পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আবার পরবর্তী সময়ে কিছু নির্দিষ্ট সামরিক পোশাক ও জুতা ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষের পোশাক ও পরিচয়ের মধ্যে পার্থক্য বজায় রাখার চেষ্টা করা হতো।
আলারিকের আক্রমণের ছয় বছর পর নিষেধাজ্ঞা
লম্বা চুল ও পশুর চামড়ার পোশাক নিষিদ্ধের সময়টিও ছিল তাৎপর্যপূর্ণ। ৪১০ খ্রিষ্টাব্দে ভিজিগথ নেতা আলারিকের বাহিনী রোম আক্রমণ করে শহরটি লুটপাট করে। একসময় যে রোমকে অজেয় বলে মনে করা হতো, সেই নগরীর এমন বিপর্যয় সাম্রাজ্যের জন্য ছিল বড় ধাক্কা।
এর মাত্র ছয় বছর পর রোমানদের মধ্যে জার্মানিক জনগোষ্ঠীর পোশাক ও চুলের ধরন জনপ্রিয় হতে থাকলে শাসকদের উদ্বেগ আরও বেড়ে যায়। তাঁদের আশঙ্কা ছিল, বাইরের জনগোষ্ঠীর সংস্কৃতির প্রভাব বাড়তে থাকলে রোমানদের নিজস্ব পরিচয় দুর্বল হয়ে পড়তে পারে। এ কারণেই লম্বা চুলের পাশাপাশি পশুর চামড়ার পোশাকের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।
শেষ পর্যন্ত কী হয়েছিল?
সম্রাটদের এই নিষেধাজ্ঞা যে মানুষের ফ্যাশন পুরোপুরি বদলে দিতে পেরেছিল, এমন প্রমাণ নেই। বরং ইতিহাসের পরবর্তী ঘটনাপ্রবাহ ছিল আরও চমকপ্রদ। ৪৭৬ খ্রিষ্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এর মধ্য দিয়ে পশ্চিমে রোমান সম্রাটদের শাসনের অবসান হয়।
যেসব জার্মানিক জনগোষ্ঠীর পোশাক ও চুলের ধরন একসময় রোমান শাসকদের উদ্বেগের কারণ হয়েছিল, পরবর্তী সময়ে তাদের বিভিন্ন গোষ্ঠীই পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে লম্বা চুল নিষিদ্ধ করে নিজেদের সংস্কৃতি রক্ষার যে চেষ্টা হয়েছিল, ইতিহাসের শেষ পরিণতি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন।
প্রতি / এডি / শাআ




















