পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, ছাড়াতে পারে আগের সব রেকর্ড
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে অন্তত ৫১ বস্তা টাকা। এর পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মসজিদটির ১৫টি দানবাক্স খোলা হয়। বর্তমানে সংগৃহীত অর্থ গণনার কাজ চলছে। মসজিদ কর্তৃপক্ষের ধারণা, এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
এর আগে সর্বশেষ ২৭ জুন দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সে সময় অন্তত ৪৩ বস্তা টাকা ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এবার দানের পরিমাণ আগের রেকর্ড অতিক্রম করতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ ছাড়া জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে দানবাক্সগুলো থেকে টাকা বের করে বস্তায় রাখা হয়। পরে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। প্রশাসনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
টাকা গণনায় স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় ৩৫০ শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। এখন পর্যন্ত মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান হিসেবে জমা হয়েছে।
গত ১২ অক্টোবর মসজিদটির দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২৫ কেজি সোনা ও রুপা পাওয়া যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৭টি দেশের এসব বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। চলতি দফায় গণনা করা অর্থের সঙ্গে নতুন পাওয়া টাকাও ব্যাংকে জমা করা হবে। অন্যদিকে সোনা ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের প্রক্রিয়া চলমান রয়েছে।
দান থেকে পাওয়া অর্থের লভ্যাংশ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। জেলা প্রশাসক জানান, ওই অর্থ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসচ্ছল ব্যক্তি এবং জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসায়ও আর্থিক সহায়তা দেওয়া হয়। মসজিদের পরিসর বাড়ানোর পরিকল্পনায় ইতিমধ্যে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদটি। প্রচলিত বিশ্বাস রয়েছে, এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর মসজিদের দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এ কারণে প্রতিবারই দানবাক্স খোলার বিষয়টি মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
প্রতি / এডি / শাআ





















