রক্তশূন্যতা কমাতে সজনে ডাঁটা নাকি পাতা, কোনটি বেশি উপকারী?
রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে নারীদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। শরীরে আয়রনের ঘাটতি রক্তশূন্যতার অন্যতম কারণ। এ সমস্যা মোকাবিলায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের পাশাপাশি প্রতিদিনের খাবারের দিকেও নজর দেওয়া জরুরি।
আয়রনসমৃদ্ধ খাবারের কথা উঠলে সজনের নাম আসে। সজনে ডাঁটা দিয়ে ডাল, তরকারি কিংবা স্যুপ তৈরি করে খাওয়ার প্রচলন রয়েছে। তবে শুধু ডাঁটা নয়, সজনে পাতাও পুষ্টিগুণে বেশ সমৃদ্ধ। বিশেষ করে আয়রনের পরিমাণের ক্ষেত্রে ডাঁটার চেয়ে পাতা এগিয়ে।
সজনে পাতায় আয়রনের পাশাপাশি বিভিন্ন ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। তাই খাবারে আয়রনের পরিমাণ বাড়াতে চাইলে সজনে ডাঁটার সঙ্গে তাজা পাতাও রাখতে পারেন।
যেমন, সজনে দিয়ে স্যুপ তৈরির সময় শুধু ডাঁটা না দিয়ে কয়েকটি তাজা পাতা যোগ করা যায়। এতে খাবারে আয়রনসহ অন্যান্য পুষ্টি উপাদান যুক্ত হবে। পাশাপাশি সজনে পাতা উদ্ভিজ্জ প্রোটিনেরও একটি উৎস।
ডাঁটা ও পাতার মধ্যে আয়রন বেশি কোনটিতে?
সজনে গাছের ডাঁটা ও পাতা দুটিই খাওয়ার উপযোগী হলেও এদের পুষ্টি উপাদানের পরিমাণ এক নয়। বিশেষ করে আয়রনের ক্ষেত্রে সজনে পাতা ডাঁটার তুলনায় অনেক বেশি সমৃদ্ধ।
পুষ্টি উপাদানের হিসাব অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম সজনে ডাঁটায় প্রায় ০.৩৬ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। অন্যদিকে সমপরিমাণ তাজা সজনে পাতায় আয়রনের পরিমাণ প্রায় ৪ থেকে ৭ মিলিগ্রাম। আর শুকনো সজনে পাতার গুঁড়ায় প্রতি ১০০ গ্রামে আয়রনের পরিমাণ প্রায় ২৫ থেকে ২৮.২ মিলিগ্রাম হতে পারে।
অর্থাৎ আয়রনের পরিমাণ বিবেচনায় সজনে পাতাই বেশি উপকারী। তাই প্রতিদিনের রান্নায় শুধু ডাঁটার ওপর নির্ভর না করে পাতা যুক্ত করলেও বাড়তি পুষ্টি পাওয়া সম্ভব।
সজনে রান্নায় আয়রন পাওয়ার কয়েকটি উপায়
সজনে ডাঁটা বা পাতা খাওয়ার পাশাপাশি রান্নার পদ্ধতির দিকেও খেয়াল রাখা প্রয়োজন। কিছু বিষয় মেনে চললে খাবার থেকে আয়রন শোষণে শরীরকে সহায়তা করা যায়।
১. লেবুর রস যোগ করুন: ভিটামিন সি শরীরে উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে। তাই সজনে দিয়ে ডাল বা স্যুপ রান্নার পর সামান্য লেবুর রস মিশিয়ে খেতে পারেন।
২. পাতা বেশি সময় রান্না করবেন না: সজনে পাতা দীর্ঘ সময় ধরে সেদ্ধ করলে তাপের কারণে কিছু তাপসংবেদনশীল ভিটামিন নষ্ট হতে পারে। তাই রান্নার শেষ পর্যায়ে পাতা যোগ করা ভালো।
৩. সজনে পাতার গুঁড়া পরিমিত খান: তাজা পাতার পাশাপাশি শুকনো সজনে পাতার গুঁড়াও খাবারে ব্যবহার করা যায়। তবে অল্প পরিমাণ দিয়ে শুরু করা ভালো। দৈনিক আধা চা-চামচ দিয়ে শুরু করে শরীরের সহনশীলতা অনুযায়ী পরিমাণ ঠিক করা যেতে পারে।
তবে মনে রাখতে হবে, শুধু সজনে পাতা বা ডাঁটা খেলেই রক্তশূন্যতা দূর হবে, এমন নয়। রক্তশূন্যতার কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে আয়রনের ঘাটতি থাকলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।
প্রতি / এডি / শাআ






















