বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইংয়ের ইসলাম গ্রহণের গল্প

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২৬ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

তাইওয়ানে জন্ম নেওয়া অধ্যাপক জ্যাকি ই-রু ইং ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে গবেষণার জন্য আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। বিজ্ঞানের জগতে অসামান্য সাফল্যের পাশাপাশি তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইসলাম গ্রহণ। ৩৫ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। তবে ধর্ম ও জীবনের উদ্দেশ্য নিয়ে তার ভাবনার শুরু হয়েছিল শৈশবেই। ছোটবেলা থেকেই সৃষ্টিজগৎ, মানুষের জীবন এবং এর অন্তর্নিহিত অর্থ সম্পর্কে জানার আগ্রহ ছিল তার।

১৯৬৬ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন জ্যাকি ইং। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে আগ্রহী ছিলেন তার বাবা-মা। তাই ছোটবেলায় সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন তিনি।

সিঙ্গাপুরে স্কুলে পড়ার সময় মুসলিম সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব হয় জ্যাকি ইংয়ের। তাদের ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ ও জীবনযাপন সম্পর্কে জানতে গিয়ে ইসলামের প্রতি কৌতূহল তৈরি হয় তার। সেই আগ্রহ থেকেই ইসলাম সম্পর্কে পড়াশোনা ও জানাশোনা শুরু করেন। ধীরে ধীরে ইসলামের শিক্ষা ও দর্শনের সঙ্গে নিজের চিন্তার মিল খুঁজে পান তিনি। একপর্যায়ে ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে নিজের উপলব্ধির কথা জানিয়েছিলেন এই বিজ্ঞানী। তার মতে, কোরআন অসাধারণ একটি গ্রন্থ, যেখানে মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের মধ্যে সমতা এবং একে অপরকে বোঝার বিষয়েও এতে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে।

জ্যাকি ইংয়ের ভাষ্য অনুযায়ী, জীবন কেন এবং কী উদ্দেশ্যে, তা জানার আগ্রহ তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল। ধর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান তিনি। পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ তার ব্যক্তিগত বিশ্বাস ও জীবনদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

বিজ্ঞানের জগতে অসামান্য সাফল্য

ব্যক্তিজীবনের এই পরিবর্তনের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন জ্যাকি ইং। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এর পরের বছরই যোগ দেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)।

২০০১ সালে মাত্র ৩৫ বছর বয়সে এমআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পূর্ণ অধ্যাপক হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন তিনি।

ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিং নিয়ে তার গবেষণা বৈজ্ঞানিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অসংখ্য গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি পেয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি। গবেষণায় সাফল্যের মাধ্যমে তিনি বিশ্বের পরিচিত বিজ্ঞানীদের একজন হয়ে ওঠেন।

বিজ্ঞানের কঠিন গবেষণায় সাফল্য অর্জনের পাশাপাশি জীবন, বিশ্বাস ও ধর্ম নিয়ে নিজের অনুসন্ধান চালিয়ে গেছেন জ্যাকি ই-রু ইং। তার জীবনের এই দুই ভিন্ন অধ্যায়ই তাকে অন্যদের কাছে বিশেষভাবে পরিচিত করে তুলেছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G