পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না! সালার দে ইউয়ুনির অপূর্ব দৃশ্য

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২৬ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

দূর থেকে তাকালে মনে হবে, বিশাল এক আয়নার ওপর দাঁড়িয়ে আছে পৃথিবী। নীল আকাশ, সাদা মেঘ আর চারপাশের পাহাড়ের দৃশ্য হুবহু প্রতিফলিত হচ্ছে মাটিতে। কোথায় শেষ হয়েছে আকাশ, আর কোথা থেকে শুরু হয়েছে ভূমি, তা আলাদা করাও কঠিন। প্রকৃতির এমন অপূর্ব দৃশ্যের দেখা মেলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অবস্থিত সালার দে ইউনিতে। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত সমতলভূমি হিসেবে পরিচিত এই স্থান বর্ষার পর পানির পাতলা স্তরে ঢেকে গেলে পরিণত হয় বিশাল এক প্রাকৃতিক আয়নায়।

প্রকৃতির এই বিস্ময় শুধু সৌন্দর্যের জন্যই নয়, এর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, বিপুল লবণের ভান্ডার এবং লিথিয়ামের উপস্থিতির কারণেও বিশ্বজুড়ে পরিচিত। প্রতিবছর অসংখ্য পর্যটক ছুটে আসেন এই অনন্য প্রাকৃতিক দৃশ্য নিজের চোখে দেখতে।

কোথায় অবস্থিত সালার দে ইউনি?

সালার দে ইউনি বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পোটোসি বিভাগে অবস্থিত। আন্দিজ পর্বতমালার উঁচু মালভূমি আলতিপ্লানোর অংশ এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬৫৬ মিটার উচ্চতায় অবস্থিত এই লবণভূমির আয়তন প্রায় ১০ হাজার ৫৮২ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত সমতলভূমি।

এত বিশাল এলাকাজুড়ে বিস্তৃত হওয়ায় এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাকালে চোখে পড়ে শুধু সাদা লবণের বিস্তার। আশপাশে উঁচু পাহাড় ও আগ্নেয়গিরির উপস্থিতি দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সমতলটির পৃষ্ঠ এতটাই মসৃণ যে পুরো এলাকাজুড়ে উচ্চতার পার্থক্য সাধারণত এক মিটারের মধ্যেই থাকে।

কীভাবে তৈরি হলো এত বড় লবণভূমি?

আজ যেখানে বিস্তীর্ণ লবণের সাদা চাদর দেখা যায়, সেখানে একসময় ছিল বিশাল প্রাগৈতিহাসিক হ্রদ। প্রায় ৩০ থেকে ৪০ হাজার বছর আগে এই অঞ্চল একাধিক প্রাচীন হ্রদের অংশ ছিল। সময়ের সঙ্গে জলবায়ুর পরিবর্তন ও পানির বাষ্পীভবনের ফলে হ্রদগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়। পানির সঙ্গে থাকা খনিজ ও লবণ জমে তৈরি হয় বর্তমানের বিশাল লবণভূমি।

এর উপরিভাগে রয়েছে কয়েক মিটার পুরু লবণের স্তর। শুষ্ক মৌসুমে লবণের উপরিভাগে ষড়ভুজাকৃতির নকশা তৈরি হয়। দূর থেকে দেখলে মনে হয়, সাদা মাটির ওপর কেউ অসংখ্য জ্যামিতিক নকশা এঁকে রেখেছে।

বৃষ্টির পানিতে যেভাবে আয়নায় পরিণত হয়

সালার দে ইউনি বছরের সব সময় একই রূপে থাকে না। শুষ্ক মৌসুমে এটি সাদা লবণের বিশাল প্রান্তর। কিন্তু বর্ষাকালে বৃষ্টির পানি জমে এর উপরিভাগে তৈরি হয় পানির পাতলা স্তর। তখন চারপাশের আকাশ, মেঘ, পাহাড় এমনকি মানুষের অবয়বও পানিতে প্রতিফলিত হয়।

বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বর্ষার সময়ে এই আয়নার মতো দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বৃষ্টিপাতের পরিমাণ ও পানির স্তরের ওপর নির্ভর করে প্রতিফলনের সৌন্দর্য। কখনো পুরো এলাকা পানিতে ঢেকে যায়, আবার কখনো নির্দিষ্ট কিছু অংশেই দেখা মেলে এই অপূর্ব দৃশ্যের।

এই সময় পর্যটকেরা পানির ওপর দাঁড়িয়ে ছবি তোলেন। ছবিতে অনেক সময় মনে হয়, মানুষ যেন আকাশের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। দিগন্তরেখা প্রায় অদৃশ্য হয়ে যাওয়ায় তৈরি হয় এক অবাস্তব পরিবেশ। ফটোগ্রাফির জন্যও জায়গাটি বেশ জনপ্রিয়।

লবণের দ্বীপ ও বিশাল ক্যাকটাস

সালার দে ইউনির আরেকটি আকর্ষণ হলো এর মধ্যে থাকা ছোট ছোট দ্বীপ। এর মধ্যে ইনকাহুয়াসি দ্বীপ বিশেষভাবে পরিচিত। চারপাশে সাদা লবণের সমুদ্রের মতো বিস্তৃত ভূমির মাঝখানে দ্বীপটি যেন এক টুকরো সবুজ মরূদ্যান।

দ্বীপটিতে রয়েছে অসংখ্য বিশাল ক্যাকটাস। এসব ক্যাকটাসের কিছু কয়েক মিটার পর্যন্ত উঁচু। দ্বীপের উঁচু অংশে উঠে চারপাশের লবণভূমি দেখলে এর বিশালত্ব আরও ভালোভাবে বোঝা যায়। প্রকৃতির ভিন্নধর্মী এই দৃশ্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

তবে বর্ষাকালে পানির উচ্চতা বেশি থাকলে ইনকাহুয়াসি দ্বীপে যাওয়া সম্ভব নাও হতে পারে। তাই দ্বীপটি ঘুরে দেখার পরিকল্পনা থাকলে শুষ্ক মৌসুম তুলনামূলক ভালো। অন্যদিকে পানিতে আকাশের প্রতিচ্ছবি দেখার ইচ্ছা থাকলে বর্ষাকাল উপযুক্ত।

সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য

সালার দে ইউনির সৌন্দর্য দিনের আলোতেই সীমাবদ্ধ নয়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার পরিবেশে আসে ভিন্ন এক রূপ। ভোরের আলো ধীরে ধীরে সাদা লবণভূমির ওপর ছড়িয়ে পড়ে। আর বিকেলে সূর্য যখন দিগন্তের দিকে ঢলে পড়ে, তখন আকাশে তৈরি হয় লাল, কমলা ও সোনালি রঙের মিশ্রণ।

বর্ষাকালে পানির ওপর সূর্যের রঙিন প্রতিফলন পুরো পরিবেশকে আরও মোহনীয় করে তোলে। রাতের আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে তারা দেখার অভিজ্ঞতাও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

ট্রেনের সমাধি ও লবণের তৈরি হোটেল

সালার দে ইউনি ভ্রমণে আরেকটি উল্লেখযোগ্য জায়গা হলো ‘ট্রেন সেমেট্রি’ বা ট্রেনের সমাধিক্ষেত্র। ইউনি শহরের কাছেই অবস্থিত এই স্থানে পড়ে আছে পুরোনো ও পরিত্যক্ত বেশ কিছু ট্রেনের ইঞ্জিন ও বগি। একসময় খনিজ সম্পদ পরিবহনের কাজে এসব ট্রেন ব্যবহার করা হতো। পরে রেলপথের কার্যক্রম কমে যাওয়ায় ট্রেনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বর্তমানে জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পুরোনো ট্রেনের ইঞ্জিন ও বগির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন অনেকে।

এ ছাড়া এখানকার অন্যতম ব্যতিক্রমী আকর্ষণ লবণের তৈরি হোটেল। এসব হোটেলের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় লবণের ব্লক ব্যবহার করা হয়েছে। কোনো কোনো হোটেলে আসবাবপত্র তৈরিতেও লবণ ব্যবহার করা হয়। ফলে এখানে থাকার অভিজ্ঞতা পর্যটকদের কাছে অন্য রকম।

লবণের নিচে লুকিয়ে আছে লিথিয়ামের ভান্ডার

সালার দে ইউনি শুধু পর্যটনকেন্দ্র নয়, খনিজ সম্পদের জন্যও গুরুত্বপূর্ণ। এর লবণের স্তরের নিচে রয়েছে লিথিয়ামসমৃদ্ধ লবণাক্ত পানি বা ব্রাইন। আধুনিক প্রযুক্তির বিভিন্ন ব্যাটারি তৈরিতে লিথিয়াম গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি তৈরিতে এর চাহিদা রয়েছে।

সালার দে ইউনিতে বিপুল পরিমাণ লিথিয়াম সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। ফলে জায়গাটি বলিভিয়ার অর্থনীতি ও খনিজসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, এখানকার লবণ স্থানীয় মানুষের জীবিকারও একটি উৎস। বিশেষ করে আয়মারা জনগোষ্ঠীর মানুষ ঐতিহ্যগতভাবে এই অঞ্চল থেকে লবণ সংগ্রহ করে আসছেন।

কীভাবে ঘুরে দেখবেন সালার দে ইউনি?

সালার দে ইউনি ঘুরতে যাওয়ার প্রধান প্রবেশপথ হলো বলিভিয়ার ইউনি শহর। শহরটি থেকে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের ভ্রমণ প্যাকেজ ও চার চাকার বিশেষ গাড়ির ব্যবস্থা রয়েছে। সাধারণত এসব গাড়িতে দলবদ্ধভাবে লবণভূমির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়।

ভ্রমণপথে ট্রেনের সমাধিক্ষেত্র, কোলচানি গ্রাম, লবণ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের স্থান এবং ইনকাহুয়াসি দ্বীপের মতো আকর্ষণীয় জায়গা রাখা হয়। সময় ও প্যাকেজ অনুযায়ী পর্যটকেরা এক দিনের পাশাপাশি কয়েক দিনের ভ্রমণেও অংশ নিতে পারেন।

কখন যাবেন?

সালার দে ইউনি ভ্রমণের সময় নির্ভর করবে আপনি এর কোন রূপ দেখতে চান তার ওপর। বর্ষাকালে অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পানির ওপর আকাশের প্রতিচ্ছবি দেখার সুযোগ বেশি থাকে। বিশেষ করে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পানির স্তর বেশি হতে পারে।

অন্যদিকে, মে থেকে নভেম্বর পর্যন্ত শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ সাদা লবণভূমি, ষড়ভুজাকৃতির নকশা এবং ইনকাহুয়াসি দ্বীপ ঘুরে দেখার জন্য সময়টি ভালো। তবে বর্ষাকালে অতিরিক্ত পানি জমলে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ বা সীমিত হতে পারে। তাই ভ্রমণের আগে আবহাওয়া ও স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের নির্দেশনা জেনে নেওয়া ভালো।

প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি

সালার দে ইউনি এমন একটি জায়গা, যেখানে প্রকৃতি একই ভূখণ্ডকে দুই ভিন্ন রূপে সাজিয়েছে। কখনো এটি সাদা লবণের বিশাল প্রান্তর, আবার কখনো আকাশের প্রতিচ্ছবি ধারণ করা এক অপরূপ আয়না। এর ভূতাত্ত্বিক ইতিহাস, বিশাল লবণের স্তর, ক্যাকটাসে ঘেরা দ্বীপ এবং সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। প্রকৃতির এমন বিস্ময়কর সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেলে ভ্রমণপ্রেমীদের কাছে তা নিঃসন্দেহে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G