বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে পৌঁছায় গন্তব্যে?
এক ট্রেনে চড়েই পাড়ি দেওয়া যায় ১০ হাজার কিলোমিটারেরও বেশি পথ। যাত্রাপথে কেটে যায় প্রায় আট দিন। শুনতে অবাক লাগলেও বাস্তবে রয়েছে এমন একটি দীর্ঘ রেলপথ। রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু হয়ে এই ট্রেনের যাত্রা শেষ হয় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। দীর্ঘ দূরত্ব ও সময়ের কারণে এটিকে বিশ্বের দীর্ঘতম সরাসরি যাত্রীবাহী ট্রেনযাত্রা হিসেবে পরিচিতি দেওয়া হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাব অনুযায়ী, মস্কো থেকে পিয়ংইয়ং পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য ১০ হাজার ২১৪ কিলোমিটার। পুরো পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ৭ দিন ২০ ঘণ্টা। তবে ২০২৫ সালে দীর্ঘ বিরতির পর এই রুটে ট্রেন চলাচল শুরুর ঘোষণা দেওয়ার সময় রাশিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, যাত্রায় আট দিনের কিছু বেশি সময় লাগতে পারে। পথের দৈর্ঘ্যও ১০ হাজার কিলোমিটারের বেশি।
এই দীর্ঘ যাত্রায় ট্রেনটি রাশিয়া ও উত্তর কোরিয়া, এই দুটি দেশের ভূখণ্ড অতিক্রম করে। মস্কো থেকে ছেড়ে রাশিয়ার বিশাল এলাকা পেরিয়ে এটি উসুরিস্ক, খাবারভস্ক, চিতা, ইরকুতস্ক, ক্রাসনোইয়ারস্ক, নভোসিবিরস্ক, ওমস্ক ও ইয়েকাতেরিনবুর্গের মতো শহরের মধ্য দিয়ে যায়। পরে দুই দেশের সীমান্ত অতিক্রম করে পৌঁছায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে।
এই রেলযাত্রার বিশেষত্ব হলো, মাঝপথে যাত্রীদের ট্রেন বদলানোর প্রয়োজন পড়ে না। রাশিয়ার ট্রেনের সঙ্গে উত্তর কোরিয়ার বিশেষ যাত্রীবাহী বগি সংযুক্ত করে পুরো যাত্রা পরিচালনা করা হয়। এতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় একই ট্রেনযাত্রার ধারাবাহিকতা বজায় থাকে।
পাঁচ বছর বন্ধ থাকার পর আবার চালু
করোনাভাইরাস মহামারির প্রভাবে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় পাঁচ বছর বিরতির পর ২০২৫ সালের ১৭ জুন আবারও মস্কো-পিয়ংইয়ং রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
রাশিয়ার রেল কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এই রুটে প্রতি মাসে দুইবার ট্রেন চলাচল করে। মস্কো থেকে পিয়ংইয়ংয়ের উদ্দেশে ট্রেন ছাড়ে প্রতি মাসের ১২ ও ২৬ তারিখে। বিপরীত দিকে পিয়ংইয়ং থেকে মস্কোর উদ্দেশে ট্রেন যাত্রা শুরু করে ৩ ও ১৭ তারিখে।
রাশিয়ার রেল কর্তৃপক্ষের দাবি, সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে এটিই বিশ্বের দীর্ঘতম রুট। তবে সাধারণ পর্যটকদের জন্য এই ট্রেনে ভ্রমণ করা সহজ নয়। উত্তর কোরিয়ায় প্রবেশের ক্ষেত্রে দেশটির ভিসা, ভ্রমণ অনুমতি ও অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হয়। তাই দীর্ঘ এই রেলযাত্রায় অংশ নিতে আগ্রহীদের আগে থেকেই প্রবেশসংক্রান্ত নিয়ম ও টিকিটের প্রাপ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
প্রতি / এডি / শাআ























