ঢাকা-চট্টগ্রাম রেলপথে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক ট্রেন
দেশের রেল যোগাযোগব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চলাচলের পথ তৈরি হবে।
রেলওয়ে কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রী পরিবহনে উন্নতির পাশাপাশি পণ্য পরিবহনের সক্ষমতাও বাড়বে। একই সঙ্গে ডিজেলসহ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং রেল পরিচালনার খরচও সাশ্রয় হবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে।
প্রথম পর্যায়ে তিন রেলপথে বৈদ্যুতিক ট্রেন
দেশের প্রথম বৈদ্যুতিক রেল করিডোর হিসেবে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটকে নির্ধারণ করা হয়েছে। এ জন্য নেওয়া পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। এর বড় অংশের অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অন্যদিকে, আমদানি করা যন্ত্রপাতি ও সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ খরচ, শুল্ক এবং ভ্যাটের অর্থ জোগান দেবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে প্রকল্পের দরপত্র কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ২০২৮ সালের মাঝামাঝি সময়ে পুরোদমে নির্মাণকাজ শুরু হতে পারে।
প্রাথমিক প্রকল্পের অংশ হিসেবে বিদেশ থেকে ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আনা হবে। এসব ট্রেনের সামনের ও পেছনের দুই দিকেই চালকের কক্ষ থাকবে। ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পর ট্রেনের দিক পরিবর্তন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে ট্রেন পরিচালনা করা সহজ হবে।
ঢাকা-চট্টগ্রাম রুটে বাড়বে পণ্য পরিবহনের সক্ষমতা
ঢাকা-চট্টগ্রাম রেলপথকে দেশের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এই রেলপথ রাজধানীর সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সংযোগ স্থাপন করেছে।
রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা সম্ভব হলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। পাশাপাশি যাতায়াতের সময় এবং ট্রেন পরিচালনার ব্যয়ও কমানো সম্ভব হবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। মোট কনটেইনার পরিবহনের তুলনায় এই পরিমাণ মাত্র ৩ শতাংশ।
তবে ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে কনটেইনার পরিবহনের পরিমাণ বছরে সাড়ে ৪ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
রেলপথের অবকাঠামো উন্নয়নে চলছে কাজ
বৈদ্যুতিক ট্রেন চালুর পাশাপাশি ভবিষ্যতে এই নেটওয়ার্ক আরও বিস্তৃত করার উপযোগী অবকাঠামো তৈরিতেও কাজ করছে রেলওয়ে। এ লক্ষ্যে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
এ ছাড়া জয়দেবপুরে আধুনিক ইএমইউ ট্রেনের জন্য ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ উদ্দেশ্যে অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে। এসব স্থাপনা চালু হলে বৈদ্যুতিক ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কার্যক্রম সহজ হবে।
একই সঙ্গে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে এসব রেলপথ বিদ্যুতায়নের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুলেট ট্রেনের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার
বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনায় ব্যয়ের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর আগের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের হিসাব অনুযায়ী, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতো। এ ছাড়া এ ধরনের রেলপথ নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করতে হতো। ঘনবসতিপূর্ণ ও কৃষিপ্রধান এলাকায় জমি সংগ্রহ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।
অন্যদিকে, বৈদ্যুতিক রেলব্যবস্থা চালুর মাধ্যমে আন্তর্জাতিক প্রক্রিয়ায় কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনাও দেখছে রেলওয়ে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশদূষণ কমানোর সুযোগ তৈরি হতে পারে।
প্রতি / এডি / শাআ





















