আইপিএল নিলামে মোস্তাফিজ, দল পাওয়ার সম্ভাবনা কতটা?

প্রকাশঃ নভেম্বর ১১, ২০২৬ সময়ঃ ৭:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৮ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমানকে ঘিরে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তৈরি হয়েছিল বড় ধরনের বিতর্ক। নিলামে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর তাঁকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ঘটনাটি শুধু আইপিএলেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কেও। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সেই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল, ভবিষ্যতে আবারও কি আইপিএলে দেখা যাবে মোস্তাফিজকে? এবার সেই সম্ভাবনা সামনে এসেছে। আগামী মৌসুমের মিনি নিলামে অংশ নিতে নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই তারকা পেসার। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

সাকিব আল হাসানের পর আইপিএলে বাংলাদেশের সবচেয়ে পরিচিত ক্রিকেটারদের একজন মোস্তাফিজ। এখন পর্যন্ত পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে নয়টি মৌসুমে খেলেছেন তিনি। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের বছরেই জিতে নেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এই স্বীকৃতি পাওয়া টুর্নামেন্টের ইতিহাসে তিনিই একমাত্র বিদেশি ক্রিকেটার।

আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। বল হাতে তাঁর শিকার ৬০ উইকেট। এই সময়ে ওভারপ্রতি রান দিয়েছেন ৮.১৩ করে। তাঁর অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় বোলিং আবারও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মোস্তাফিজ ছাড়াও এবারের নিলামে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অংশ নেওয়ার প্রস্তুতির খবর পাওয়া গেছে। সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিলামে অংশ নিতে আগ্রহী ক্রিকেটারদের নিবন্ধনের সুযোগ রয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের মিনি নিলাম। এই নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী দলে নতুন খেলোয়াড় যুক্ত করবে। তবে মেগা নিলামের মতো এবার দলগুলোকে পুরো স্কোয়াড নতুন করে সাজানোর সুযোগ দেওয়া হচ্ছে না। বরং আগের দলের খেলোয়াড়দের ধরে রাখা বা ছেড়ে দেওয়ার পর অবশিষ্ট জায়গা ও অর্থের ভিত্তিতে নতুন ক্রিকেটার সংগ্রহ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি।

তবে নিলামের আগে প্রতিটি দলের হাতে ঠিক কত টাকা থাকবে, তা এখনো নির্ধারিত হয়নি। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ফ্র্যাঞ্চাইজিগুলোর অবশিষ্ট অর্থের হিসাব জানা যাবে। এরপরই স্পষ্ট হবে, মোস্তাফিজসহ বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে দলগুলোর হাতে কতটা সুযোগ থাকছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G