আগামী বছরও তীব্র গরমের আশঙ্কা, যা বলছেন বিজ্ঞানীরা

প্রকাশঃ নভেম্বর ১০, ২০২৬ সময়ঃ ৭:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

বিশ্বের উষ্ণতম বছরগুলোর তালিকায় যুক্ত হতে যাচ্ছে ২০২৬ সাল। বছরটি শেষ হলেই যে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করবে, এমন নিশ্চয়তা দিতে পারছেন না বিজ্ঞানীরা। বরং দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের পাশাপাশি শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বেশি থাকার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বাড়তে পারে খরা, বন্যা, তাপপ্রবাহসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার ঝুঁকি।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সংস্থাটির ‘স্টেট অব দ্য ক্লাইমেট আপডেট ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে জলবায়ু পরিস্থিতির বিভিন্ন উদ্বেগজনক দিক তুলে ধরা হয়েছে। কপ৩১ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে ৯ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করে ডব্লিউএমও।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে চলমান এল নিনো পরিস্থিতি অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, পর্যবেক্ষণের ইতিহাসে এবারের এল নিনো অন্যতম শক্তিশালী ঘটনায় পরিণত হতে পারে। সমুদ্রের পানিতে জমে থাকা অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার কারণে আগামী বছরও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

যেভাবে পৃথিবীর তাপমাত্রায় প্রভাব ফেলে এল নিনো

এল নিনোকে পৃথিবীতে নতুন করে তাপ তৈরির প্রক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই। মূলত প্রশান্ত মহাসাগরের পানিতে জমা থাকা তাপের একটি অংশ এই সময়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যায়।

প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের বিষুবীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে উঠলে সেই পরিস্থিতিকে এল নিনো বলা হয়। এটি একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বাতাসের প্রবাহ, বৃষ্টিপাত ও আবহাওয়ার স্বাভাবিক ধরনে পরিবর্তন দেখা দেয়। প্রশান্ত মহাসাগরের আশপাশের দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়তে পারে। কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে।

ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে লা নিনা পরিস্থিতি শেষ হওয়ার পর প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলে পানির তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। এল নিনো পর্যবেক্ষণের জন্য নির্ধারিত একটি এলাকায় মার্চ মাসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে এই পার্থক্য বেড়ে দাঁড়ায় ২.৫ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাপমাত্রার এই ব্যবধান ৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এ ক্ষেত্রে তুলনার ভিত্তি হিসেবে ১৯৯৩ থেকে ২০০৯ সালের গড় তাপমাত্রা ব্যবহার করা হয়েছে।

তবে এল নিনোর শক্তি কতটা, শুধু সেটি বিবেচনা করে বিশ্বের কোন অঞ্চলে কী ধরনের প্রভাব পড়বে, তা নির্ধারণ করা সম্ভব নয়। প্রশান্ত মহাসাগরের কোন অংশে কখন উষ্ণতা বাড়ছে, বছরের কোন সময় চলছে এবং অন্যান্য আবহাওয়াগত পরিস্থিতি কেমন, সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কোনো অঞ্চলের অবকাঠামো, মানুষের জীবনযাত্রা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির ওপর ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে।

আগে থেকেই উষ্ণ পৃথিবীতে বাড়তি চাপ

বর্তমান এল নিনো এমন এক সময়ে সক্রিয় হয়েছে, যখন দীর্ঘদিন ধরেই বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহারসহ মানুষের নানা কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এসব গ্যাস পৃথিবীর তাপ আটকে রাখছে। এর সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে।

ডব্লিউএমওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের গড়ের তুলনায় প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ফলে চলতি বছরটিও রেকর্ডের উষ্ণতম বছরগুলোর মধ্যে স্থান পেতে যাচ্ছে।

সংস্থাটির মহাসচিবের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণের ১৭৭ বছরের ইতিহাসে গত চার বছর ছিল সবচেয়ে উষ্ণ।

বায়ুর তাপমাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অন্যান্য সূচকও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ২০২৫ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের ঘনত্ব রেকর্ড পর্যায়ে পৌঁছায়। চলতি বছরের তাৎক্ষণিক পরিমাপেও এসব গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

অন্যদিকে, সমুদ্রের পানিতে জমা হওয়া তাপের পরিমাণ ২০২৫ সালে নতুন রেকর্ড তৈরি করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে ২০২৬ সালেও সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ধারা অব্যাহত থাকার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য, কৃষি ও খাদ্যনিরাপত্তায় বাড়তে পারে ঝুঁকি

এল নিনোর প্রভাব কেবল তাপমাত্রা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আবহাওয়ার স্বাভাবিক ধরন বদলে যাওয়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ে। এর সরাসরি প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার ওপর। আগে থেকেই ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে ভূগর্ভস্থ পানি, মাটি, নদী, জলাধার, হিমবাহ ও তুষারে জমা পানির পরিমাণ কমছে। ২০২৫ সালে মূল্যায়ন করা বিশ্বের ৪২ শতাংশ এলাকায় স্থলভাগে সঞ্চিত পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম ছিল। দীর্ঘমেয়াদি গড় হিসাবে এই হার ২৫ শতাংশ।

পানির এই ঘাটতি কৃষিকাজ ও খাদ্য উৎপাদনে বাধা তৈরি করছে। বিশেষ করে বৃষ্টির পানির ওপর নির্ভরশীল কৃষি অঞ্চল এবং আগে থেকেই খাদ্যসংকটে থাকা জনগোষ্ঠী বেশি সমস্যায় পড়তে পারে।

জলবায়ু পরিবর্তন ও এল নিনোর সম্মিলিত প্রভাবে স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। তীব্র গরমের কারণে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দাবানলের ধোঁয়া, বায়ুদূষণ, অপুষ্টি, খাদ্যসংকট এবং বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগের বিস্তারও বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে। এসব সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এল নিনোর স্বাস্থ্যগত প্রভাবকে জরুরি অবস্থা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

ডব্লিউএমওর প্রতিবেদনে ইউরোপের সাম্প্রতিক পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। সেখানে তাপপ্রবাহ, খরা ও দাবানলের কারণে ৩০ হাজারের বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক হিসাবে উল্লেখ করা হয়েছে। অন্তত আটটি দেশে তাপমাত্রার জাতীয় রেকর্ড ভেঙেছে। এসব দুর্যোগের প্রভাব পড়েছে কৃষি, জ্বালানি ও পরিবহন খাতেও।

চলতি বছরের এপ্রিলে ভারতের একটি তাপপ্রবাহে আনুমানিক ১৪ কোটি ৬৫ লাখ মানুষ চরম তাপমাত্রার মুখে পড়েছিলেন। অন্যদিকে, আগস্টের শেষ দিকে নেপালে হিমবাহ ধসে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়ে। বিভিন্ন দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কারণেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

দ্রুত গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

জলবায়ু পরিবর্তনের অন্যতম দৃশ্যমান প্রভাব হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহের বরফ দ্রুত গলে যাওয়া। ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের হিমবাহগুলো থেকে ৪০০ গিগাটনের বেশি বরফ হারিয়ে গেছে। বিপুল পরিমাণ এই বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১ মিলিমিটার বেড়েছে।

বরফ গলার পরিমাণ বোঝাতে সংস্থাটি একটি তুলনাও তুলে ধরেছে। তাদের হিসাবে, ২০২৫ সালে হিমবাহ থেকে হারিয়ে যাওয়া বরফ দিয়ে বছরের প্রতিটি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক মাপের সুইমিং পুল পূর্ণ করা সম্ভব হতো।

জ্বালানি ও বিদ্যুৎ খাতেও প্রভাব ফেলতে পারে

আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়তে পারে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও বিদ্যুতের চাহিদার ওপরও। তাপমাত্রা বাড়লে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায়, ফলে বিদ্যুতের চাহিদা বাড়ে। অন্যদিকে খরা কিংবা বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এলে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে।

এ পরিস্থিতিতে কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে আগাম আবহাওয়ার পূর্বাভাস কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময়মতো সতর্কবার্তা ও প্রস্তুতি থাকলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।

তবে বৈশ্বিক জলবায়ু পূর্বাভাসের ভিত্তিতে বাংলাদেশে আগামী বছর ঠিক কতটা গরম পড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডব্লিউএমওর প্রতিবেদনে বাংলাদেশের জন্য আলাদা কোনো তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়নি।

বিজ্ঞানীদের মূল সতর্কতা হলো, দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হয়ে আগামী বছরও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াতে পারে। অঞ্চলভেদে এর প্রভাব ভিন্ন হবে। তাই নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ, নির্ভরযোগ্য পূর্বাভাস এবং আগাম দুর্যোগ প্রস্তুতি গ্রহণের ওপরই গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G