চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাজপথে বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রকাশঃ নভেম্বর ১০, ২০২৬ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতার আশঙ্কায় চট্টগ্রাম নগরীতে সতর্ক অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। সোমবার গভীর রাত থেকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাহারা দেওয়ার পাশাপাশি মঙ্গলবার সকালেও রাজপথে সক্রিয় ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।

সোমবার রাত থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে তাঁরা রাতভর পাহারা দেন। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কথিত অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

যুব বিভাগের মহানগর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি বহদ্দারহাট থেকে শুরু হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এটি জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শতাধিক মোটরসাইকেল নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগের মহানগর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নগরীর জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লাঠি হাতে পাহারা দিতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের। এ সময় ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরাও নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন।

অন্যদিকে সম্ভাব্য অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা মোকাবিলায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, নগরীর সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।

এর আগে সোমবার মধ্যরাতে নগরীর কালুরঘাট এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। একই রাতে নিউ মার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগও পাওয়া যায়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিএমপির জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, সোমবার রাত থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সদস্য মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G