প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে কানাডা, অগ্রাধিকার পাবেন কারা?

প্রকাশঃ নভেম্বর ৯, ২০২৬ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। উন্নত জীবনযাপন, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগের কারণে দেশটিতে অভিবাসনের আগ্রহও দীর্ঘদিনের। এবার আগামী তিন বছরের জন্য নতুন অভিবাসন পরিকল্পনা সামনে এনেছে কানাডার সরকার। এতে স্থায়ী বাসিন্দা গ্রহণের পাশাপাশি বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী আসার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিটি বছরে ৩ লাখ ৮০ হাজার করে নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের পরিকল্পনা করেছে দেশটি। অর্থাৎ তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার মানুষ কানাডার স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ৫ নভেম্বর কানাডা সরকারের প্রকাশিত নতুন অভিবাসন পরিকল্পনায় এসব তথ্য জানানো হয়।

এই পরিকল্পনার উল্লেখযোগ্য দিক হলো, কানাডায় আগে থেকেই বসবাসরত সর্বোচ্চ ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্ট (পিআর) করার বিশেষ উদ্যোগ। এর মধ্যে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশটিতে অবস্থানরত মানবিক বিবেচনায় যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ উদ্যোগটি ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) জানিয়েছে, অর্থনীতির প্রয়োজন, শ্রমবাজারের চাহিদা, আবাসন পরিস্থিতি এবং সরকারি সেবার সক্ষমতা বিবেচনা করেই নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে।

প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে কানাডা। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থনৈতিক অভিবাসনকে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর মোট স্থায়ী বাসিন্দার ৬৪ দশমিক ৪ শতাংশ অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির আওতায় নেওয়া হবে। অর্থাৎ তিন বছর ধরেই দক্ষ কর্মী, অভিজ্ঞ পেশাজীবী ও কানাডার শ্রমবাজারে প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের জন্য বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে।

এ ক্ষেত্রে শুধু বিদেশ থেকে নতুন আবেদনকারী নেওয়াই সরকারের লক্ষ্য নয়। কানাডায় আগে থেকেই কর্মরত কিংবা পড়াশোনা করছেন, এমন ব্যক্তিদের মধ্য থেকেও যোগ্য প্রার্থীদের স্থায়ী বাসিন্দা করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

দেশটির যেসব খাতে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে অভিজ্ঞ জনশক্তি আকৃষ্ট করা এবং দীর্ঘ মেয়াদে ধরে রাখাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রতিবছর ২ লাখ ২০ হাজার কর্মী ও দেড় লাখ শিক্ষার্থী

নতুন পরিকল্পনায় অস্থায়ী বাসিন্দাদের আগমনের লক্ষ্যমাত্রা প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থাকবেন ২ লাখ ২০ হাজার বিদেশি কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী।

অর্থাৎ বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য কানাডার দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে তাঁদের আগমন নির্দিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যে রাখার পরিকল্পনা করেছে সরকার।

বিদেশি কর্মীদের মাধ্যমে শ্রমবাজারের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে মেধাবী তরুণদের আকৃষ্ট করার কার্যক্রম চালু রাখতে চায় দেশটি।

অন্যদিকে অস্থায়ী বাসিন্দার সংখ্যা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি পরিষেবার ওপর চাপ কমানোর লক্ষ্য রয়েছে।

২ লাখ অস্থায়ী বাসিন্দার স্থায়ী হওয়ার বিশেষ সুযোগ

নতুন পরিকল্পনার অন্যতম আলোচিত উদ্যোগ হলো, কানাডায় আগে থেকেই বসবাসরত সর্বোচ্চ ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়া। বিশেষ ব্যবস্থাটি ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ উদ্যোগের একটি অংশে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যাঁরা কানাডায় কাজ করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন, তাঁদের বিষয়টি গুরুত্ব পাবে।

এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় করে কর্মী বাছাই করা হবে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এবং এক্সপ্রেস এন্ট্রির মতো অর্থনৈতিক অভিবাসন ব্যবস্থার আওতায় যোগ্য কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশেষ উদ্যোগের আরেকটি অংশে দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থানরত মানবিক বিবেচনায় যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে আগে থেকে থাকা মানবিক প্রতিশ্রুতি, পরিবার পুনর্মিলন এবং দীর্ঘদিন অপেক্ষায় থাকা কিছু আবেদন নিষ্পত্তির বিষয়টি গুরুত্ব পাবে।

তবে এই বিশেষ ব্যবস্থায় কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা প্রয়োজন হবে এবং আবেদনপ্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশের অপেক্ষা রয়েছে।

এক্সপ্রেস এন্ট্রিতে দক্ষ কর্মীদের গুরুত্ব বাড়বে

কানাডার অর্থনৈতিক অভিবাসন ব্যবস্থায় এক্সপ্রেস এন্ট্রির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন পরিকল্পনায় দেশের শ্রমবাজারে যেসব পেশার চাহিদা বেশি, সেসব ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের আকৃষ্ট করার ওপর জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের দক্ষ পেশাজীবীদের জন্য ক্যাটাগরিভিত্তিক বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে।

এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আবেদনকারীদের শিক্ষা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে প্রার্থীদের নির্বাচন করা হয়। এ ব্যবস্থায় কম্প্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম (সিআরএস) ব্যবহার করা হয়।

সরকারের উদ্দেশ্য শুধু অভিবাসীর সংখ্যা বাড়ানো নয়। বরং যাঁদের দক্ষতা কানাডার অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজে লাগবে, তাঁদের অগ্রাধিকার দেওয়া।

ফরাসিভাষীদের জন্য বাড়বে অভিবাসনের সুযোগ

কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী অভিবাসীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যও রয়েছে নতুন পরিকল্পনায়। ২০২৯ সালের মধ্যে কুইবেকের বাইরের নতুন স্থায়ী বাসিন্দাদের অন্তত ১২ শতাংশ ফরাসিভাষী করার পরিকল্পনা করেছে কানাডা সরকার।

এ লক্ষ্যমাত্রা ধাপে ধাপে বাড়ানো হবে। ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশ ফরাসিভাষী স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কানাডার ফরাসিভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের বিকাশ, স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট অঞ্চলের কর্মীসংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রদেশ ও গ্রামীণ এলাকায় বাড়বে কর্মসংস্থানের সুযোগ

কানাডার সব প্রদেশে শ্রমবাজারের চাহিদা এক রকম নয়। বড় শহরগুলোর বাইরে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে।

এ কারণে নতুন পরিকল্পনায় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের (এআইপি) মাধ্যমে আঞ্চলিক চাহিদা অনুযায়ী অভিবাসী নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রামীণ অঞ্চলের জন্য চালু থাকা রুরাল কমিউনিটি ইমিগ্রেশন কর্মসূচিকে স্থায়ী করার উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে স্থানীয় শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে।

বিশেষ করে যেসব এলাকায় দক্ষ কর্মীর অভাব রয়েছে, সেসব অঞ্চলে অভিবাসীদের বসবাস ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

আবাসন ও জনসংখ্যার চাপ নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় জনসংখ্যা বৃদ্ধি, বাড়িভাড়া, আবাসনসংকট এবং স্বাস্থ্যসেবার ওপর চাপ নিয়ে আলোচনা বেড়েছে। নতুন অভিবাসন পরিকল্পনায় এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকার অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ২০২৭ সালের পর স্থায়ী বাসিন্দাদের বার্ষিক সংখ্যা দেশের মোট জনসংখ্যার ১ শতাংশের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

সব মিলিয়ে ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় কানাডা একদিকে বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে চায়, অন্যদিকে দেশের অর্থনীতিতে আগে থেকেই অবদান রাখা অস্থায়ী বাসিন্দাদের স্থায়ী হওয়ার সুযোগ তৈরি করতে চায়।

তবে নতুন পরিকল্পনায় ঘোষিত লক্ষ্যমাত্রা মানেই সবার জন্য স্থায়ী বসবাসের নিশ্চয়তা নয়। আবেদনকারীদের যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী করার উদ্যোগের বিস্তারিত নিয়ম প্রকাশিত হলে যোগ্যতার বিষয়টি আরও স্পষ্ট হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G