ঘরেই তৈরি করুন রাজকীয় স্বাদের শাহী বিফ কোরমা, রইল সহজ রেসিপি
মাঝেমধ্যে প্রতিদিনের খাবারের বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে ছুটির দিন কিংবা অবসর সময়ে নিজের পছন্দের কোনো পদ রান্না করে খাওয়ার আনন্দই আলাদা। পরিচিত রান্নায় কিছুটা নতুনত্ব যোগ করলেই তৈরি হতে পারে সুস্বাদু কোনো খাবার। আর সেটি যদি হয় গরুর মাংসের শাহী বিফ কোরমা, তাহলে খাবারের আয়োজন হয়ে উঠবে আরও আকর্ষণীয়।
শাহী বিফ কোরমার বিশেষত্ব হলো এর মসলা, ঘি, দই ও অন্যান্য উপকরণের চমৎকার সমন্বয়। ঝরঝরে পোলাও, সালাদ কিংবা কাবাবের সঙ্গে এই পদ পরিবেশন করলে জমে উঠবে দুপুর বা রাতের খাবার। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সদস্যদের জন্য বিশেষ কোনো আয়োজনেও রাখতে পারেন এই পদ।
তবে সুস্বাদু শাহী বিফ কোরমা তৈরি করতে খুব বেশি জটিলতার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কিছু পরিচিত উপকরণ দিয়েই ঘরে তৈরি করতে পারবেন মজাদার এই খাবার। চলুন, জেনে নেওয়া যাক শাহী বিফ কোরমা তৈরির উপকরণ ও রান্নার পদ্ধতি।
শাহী বিফ কোরমা তৈরিতে যা যা লাগবে
- গরুর মাংস ২ কেজি
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- পেঁয়াজ কুচি দেড় কাপ
- আদা বাটা ২ টেবিল চামচ
- রসুন বাটা ২ চা চামচ
- টক দই ১ কাপ
- ধনিয়া গুঁড়া ২ চা চামচ
- জিরা গুঁড়া ২ চা চামচ
- কাঁচা মরিচ স্বাদমতো
- কিশমিশ ১ মুঠো
- গরম মসলা গুঁড়া দেড় চা চামচ
- ঘি ৩ টেবিল চামচ
- তেল আধা কাপ
- মাওয়া ২ টেবিল চামচ
- গোলাপজল ১ টেবিল চামচ
যেভাবে রান্না করবেন শাহী বিফ কোরমা
প্রথমে একটি হাঁড়িতে তেল ও ঘি গরম করে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তাতে গরুর মাংস দিয়ে দিন। এবার হলুদ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, টক দইসহ বাকি মসলা যোগ করুন।
সব উপকরণ মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে দিন। এরপর মাঝারি থেকে কম আঁচে মাংস রান্না করুন।
মাংস ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না চালিয়ে যেতে হবে। এ সময় চুলার আঁচ বেশি রাখা যাবে না। কারণ অতিরিক্ত তাপে মাংস শক্ত হয়ে যেতে পারে। মাংস সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে ঝোল কিছুটা শুকিয়ে নিন।
সবশেষে কিশমিশ, মাওয়া, গোলাপজল ও গরম মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঝোল ঘন হয়ে ওপরে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। পছন্দমতো পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।
ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু শাহী বিফ কোরমা। গরম গরম পোলাও, সালাদ কিংবা কাবাবের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই খাবার।
প্রতি / এডি / শাআ



















