ঘরেই তৈরি করুন KFC-স্টাইল মুচমুচে চিকেন ফ্রাইড, রইল সহজ রেসিপি

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২৬ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে বাইরের অংশ মুচমুচে আর ভেতরের মাংস নরম ও রসালো হলে এর স্বাদই হয়ে ওঠে অন্য রকম। জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির (KFC) আদলে তৈরি ফ্রাইড চিকেনের প্রতি অনেকেরই আলাদা আকর্ষণ রয়েছে। তবে প্রতিদিন রেস্তোরাঁয় গিয়ে খাওয়া যেমন ব্যয়বহুল, তেমনি বাইরের ভাজাপোড়া খাবার নিয়মিত খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো নয়।

তবে চাইলে ঘরেই তৈরি করতে পারেন কেএফসি স্টাইলের মুচমুচে ফ্রাইড চিকেন। এর জন্য খুব বেশি ঝামেলার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কয়েকটি পরিচিত উপকরণ আর সঠিক পদ্ধতি অনুসরণ করলেই তৈরি করা সম্ভব সুস্বাদু এই খাবার। চলুন, জেনে নেওয়া যাক ঘরে ফ্রাইড চিকেন তৈরির রেসিপি।

ফ্রাইড চিকেন তৈরিতে যা যা লাগবে

  • চামড়াসহ মুরগির রান বা লেগ পিস ২ কেজি
  • টক দই ৩ টেবিল চামচ
  • ডিম ২টি
  • ময়দা ৩০০ গ্রাম
  • কর্নফ্লাওয়ার ১০০ গ্রাম
  • আদা-রসুন বাটা
  • গোলমরিচের গুঁড়া
  • কাশ্মীরি মরিচের গুঁড়া
  • শুকনা মরিচের গুঁড়া
  • বেকিং পাউডার
  • ওরিগ্যানো
  • মিক্সড হার্বস
  • ভিনেগার
  • লবণ স্বাদমতো
  • সাদা তেল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন মুচমুচে ফ্রাইড চিকেন

প্রথম ধাপ: মুরগির মাংস প্রস্তুত

প্রথমে মুরগির লেগ পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে তিন টেবিল চামচ টক দইয়ের সঙ্গে পরিমাণমতো পানি ও লবণ মিশিয়ে পাতলা একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণেই রয়েছে বাটারমিল্কের বিকল্প। এবার মুরগির টুকরাগুলো এতে সম্পূর্ণ ডুবিয়ে পাত্রটি ঢেকে ফ্রিজে ১ থেকে ৩ ঘণ্টা রেখে দিন। এতে মাংস নরম হতে সাহায্য করবে।

দ্বিতীয় ধাপ: ময়দার মিশ্রণ তৈরি

একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিন। এতে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া ও অল্প ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

অন্য একটি বড় পাত্রে ৩০০ গ্রাম ময়দা ও ১০০ গ্রাম কর্নফ্লাওয়ার নিন। এর সঙ্গে এক চা চামচ আদা-রসুন বাটা, পরিমাণমতো লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া মেশান। এরপর সামান্য বেকিং পাউডার, ওরিগ্যানো ও মিক্সড হার্বস দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

তৃতীয় ধাপ: মুরগিতে মসলা মাখানো

বাটারমিল্কের মিশ্রণ থেকে মুরগির টুকরাগুলো তুলে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। এরপর একটি আলাদা বাটিতে দুই চা চামচ সাদা তেল, দুই চা চামচ আদা-রসুন বাটা, এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা চা চামচ ভিনেগার, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া ও ওরিগ্যানো মিশিয়ে মসলার মিশ্রণ তৈরি করুন।

এই মসলা মুরগির প্রতিটি টুকরায় ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন, যাতে মসলার স্বাদ মাংসের ভেতরে প্রবেশ করতে পারে।

চতুর্থ ধাপ: মুরগিতে তৈরি করুন মুচমুচে আস্তরণ

এবার কড়াইয়ে পর্যাপ্ত সাদা তেল গরম করতে দিন। মসলায় মাখানো মুরগির একটি টুকরা প্রথমে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে গড়িয়ে নিন। এরপর ডিমের মিশ্রণে ডুবিয়ে আবার ময়দার মিশ্রণে গড়িয়ে নিন। এভাবে প্রতিটি মুরগির টুকরায় ভালোভাবে আস্তরণ তৈরি করুন।

পঞ্চম ধাপ: ভেজে পরিবেশন

তেল মাঝারি আঁচে গরম হলে সাবধানে মুরগির টুকরাগুলো কড়াইয়ে ছাড়ুন। একসঙ্গে বেশি টুকরা দেবেন না। মাঝারি থেকে কম আঁচে উল্টেপাল্টে ভাজুন, যাতে বাইরের অংশ সোনালি ও মুচমুচে হওয়ার পাশাপাশি ভেতরের মাংসও ভালোভাবে সেদ্ধ হয়। মুরগির আকার অনুযায়ী সময় লাগবে। রান্না সম্পূর্ণ হয়েছে কি না, তা নিশ্চিত হতে ভেতরের তাপমাত্রা ৭৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে কি না পরীক্ষা করুন।

ব্যস, তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে কেএফসি স্টাইলের মুচমুচে ফ্রাইড চিকেন। গরম গরম পরিবেশন করুন টমেটো সস, মেয়োনিজ কিংবা পছন্দের ডিপের সঙ্গে। পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করতে পারবেন মজাদার এই খাবার।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G