একই হোটেলের এক পাশে ফ্রান্স, অন্য পাশে সুইজারল্যান্ড!

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২৬ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

সাধারণত এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে সীমান্ত পার হতে হয়। কোথাও থাকে সীমান্তচৌকি, কোথাও আবার চোখে পড়ে সীমানা নির্দেশক সাইনবোর্ড। কিন্তু ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তে এমন একটি হোটেল রয়েছে, যেখানে ঘর থেকে বের না হয়েই দুই দেশে অবস্থান করার অভিজ্ঞতা পাওয়া যায়। এমনকি হোটেলের কয়েকটি কক্ষের বিছানার মাঝ বরাবর চলে গেছে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত।

হোটেলটির নাম হোটেল আরবেজ। ফ্রান্সের লা কিউর গ্রামে জুরা পর্বতমালার কাছে অবস্থিত এই পারিবারিক হোটেলটির অবস্থানই একে অন্য সব হোটেল থেকে আলাদা করেছে। ভবনটির ভেতর দিয়ে ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্ত চলে যাওয়ায় এর খাবার ঘর, সিঁড়ি এবং কয়েকটি অতিথিকক্ষ দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে। ফলে একই কক্ষে অবস্থান করেই অতিথিরা দুই দেশের ভূখণ্ডে থাকার এক ব্যতিক্রমী অভিজ্ঞতা পান।

এক ভবনে দুই দেশের সীমানা

হোটেলটিতে প্রায় ১০টি অতিথিকক্ষ রয়েছে। পাশাপাশি আছে একটি রেস্তোরাঁ, যেখানে ফরাসি ও সুইস খাবারের ঐতিহ্যের সমন্বয় দেখা যায়। তবে শুধু পর্যটকদের আকর্ষণ করার জন্য তৈরি কোনো বিশেষ স্থাপনা এটি নয়। বরং দীর্ঘদিন ধরে চালু থাকা একটি পূর্ণাঙ্গ পাহাড়ি হোটেল। এর ব্যতিক্রমী অবস্থানই পর্যটকদের কাছে জায়গাটিকে বিশেষভাবে পরিচিত করেছে।

যেভাবে তৈরি হলো সীমান্তের ওপর হোটেল

হোটেলটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ১৮৬০-এর দশকের একটি চুক্তি। ওই সময় ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যে ‘ট্রিটি অব ড্যাপেস’ চুক্তির মাধ্যমে সীমান্ত পুনর্নির্ধারণ করা হয়। এর আগেই পনথুস নামের স্থানীয় এক ব্যবসায়ী ভবনটি নির্মাণ করেছিলেন। নতুন সীমান্ত নির্ধারণের পরও চুক্তির শর্ত অনুযায়ী আগে থেকে তৈরি স্থাপনাগুলো নিজেদের জায়গায় রাখার সুযোগ ছিল। ফলে ভবনটি দুই দেশের সীমান্তের ওপরই থেকে যায়।

পনথুস ভবনটির এক অংশে দোকান এবং অন্য অংশে একটি বার চালু করেন। পরে ঝুলস-জোসেফ আরবেজ নামের এক ব্যক্তি ভবনটিকে হোটেলে রূপান্তর করেন। তাঁর নাম অনুসারেই হোটেলটির নাম হয় আরবেজ, যা এখনো পরিচিতি ধরে রেখেছে।

একটি ভবনকে ক্ষুদ্র রাষ্ট্র ঘোষণার গল্প

হোটেলটির ইতিহাসে রয়েছে আরও একটি মজার ঘটনা। ১৯৫৮ সালে ম্যাক্স আরবেজ রসিকতা করে ভবনটিকে ‘আরবেজি’ নামে একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন। বিষয়টি মূলত ছিল প্রতীকী ও কৌতুকপূর্ণ উদ্যোগ। তবে হোটেলটির ব্যতিক্রমী অবস্থানের কারণে ঘটনাটি এর পরিচিতির অংশ হয়ে আছে।

জুরা পর্বতমালার মনোরম পরিবেশে অবস্থিত এই হোটেলে গ্রীষ্মকালে ট্রেকিংপ্রেমীরা ভিড় করেন। শীত মৌসুমে স্কি করতে আসা পর্যটকদের কাছেও এটি জনপ্রিয়। একই ভবনের ভেতরে দুই দেশের সীমান্ত অতিক্রম করার সুযোগ এবং ঐতিহাসিক স্থাপনার স্বাদ নিতে প্রতিবছরই এখানে আসেন ভ্রমণপিপাসুরা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G