বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন চলবে ৮ নভেম্বর পর্যন্ত
বিদেশে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জন্য প্রার্থীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না।
বৃহস্পতিবার প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানায়, মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’তে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা প্রতি মাসে মূল বেতন হিসেবে পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
চাকরির যোগ্যতা ও সুযোগ-সুবিধা
বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। কর্মীদের সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘণ্টা করে দায়িত্ব পালন করতে হবে।
মূল বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আরও কিছু সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ওভারটাইম করার সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত সুবিধা।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
আবেদনের লিংক:
https://employee.oep.gov.bd/employee/registration
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বোয়েসেলের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
যেভাবে হবে কর্মী নির্বাচন
নিয়োগের প্রথম ধাপে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের কারিগরি ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করবে।
নিয়োগে কোনো টাকা লাগবে না
বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগ কার্যক্রমের কোনো পর্যায়েই প্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হবে না। অর্থাৎ আবেদন থেকে শুরু করে নিয়োগের পুরো প্রক্রিয়ায় প্রার্থীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না।
এ কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে বোয়েসেল। বিদেশে চাকরির সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের নির্ধারিত অনলাইন মাধ্যমেই আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
প্রতি / এডি / শাআ





















