৬ হাজার কনস্টেবল নিয়োগের প্রস্তুতি, ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগ

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২৬ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশে নতুন করে জনবল নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে। চলমান নিয়োগ কার্যক্রমের আওতায় ৬ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদে সরাসরি নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। সব মিলিয়ে পুলিশ বাহিনীতে নতুন করে বিপুলসংখ্যক জনবল যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাহিনীতে ১০ হাজার নতুন কনস্টেবল পদ সৃষ্টির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এ প্রস্তাবে এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অন্যদিকে বর্তমানে পুলিশে প্রায় ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে।

চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হতে পারে, সে বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা প্রথম আলোকে জানান, বিদ্যমান ২ হাজার শূন্য পদের পাশাপাশি প্রস্তাবিত নতুন ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার কনস্টেবল নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে হিসাবে বর্তমান নিয়োগ কার্যক্রমে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ৬ হাজার কনস্টেবল নিয়োগ সম্পন্ন হলে নতুন করে প্রস্তাবিত ১০ হাজার পদের মধ্যে আরও ৬ হাজার পদ অবশিষ্ট থাকবে। পরবর্তী সময়ে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে এসব পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ১৩ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করার শেষ সময় ছিল ৩০ অক্টোবর বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। প্রথমে প্রাথমিক স্ক্রিনিংয়ের পর শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। এরপর লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। আবেদনপত্রে কিংবা নিয়োগের যেকোনো পর্যায়ে মিথ্যা বা জাল তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

সরাসরি নিয়োগ পাবেন ৪ হাজার এসআই

কনস্টেবল নিয়োগের পাশাপাশি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদে সরাসরি জনবল নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ নিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।

এসআই নিয়োগের ক্ষেত্রে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এই পদে ৫০ শতাংশ নিয়োগ হতো বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার সব পদেই সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে।

সচিব কমিটির সভায় এসআই ও কনস্টেবল মিলিয়ে পুলিশ বাহিনীতে মোট ১৪ হাজার নতুন সদস্য নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে জনবল বাড়াতে বিশেষ বিসিএস আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এর মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন এএসপি নিয়োগ দেওয়া হতে পারে।

নতুন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G