১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা

প্রকাশঃ নভেম্বর ২, ২০২৬ সময়ঃ ৯:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৯ অপরাহ্ণ

দেশের বাজারে দেড় মাসের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে সংকট চলছে। এতে নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার। এমন পরিস্থিতির মধ্যেই ভোক্তাদের জন্য নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। এর আগের মাসেও দাম বাড়ানো হয়েছিল ২১২ টাকা।

সোমবার (২ নভেম্বর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। সংস্থাটির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকায়। নতুন এই দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।

তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গত দেড় মাস ধরে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। অর্থাৎ নতুন দাম ঘোষণার আগেই ভোক্তাদের নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি অর্থ খরচ করতে হচ্ছিল।

এলপিজি খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, দেশে প্রায় এক কোটি গ্রাহক জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করেন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ এলপিজি ব্যবহৃত হয় বাসাবাড়ির রান্নার কাজে। বাকি অংশের ব্যবহার রয়েছে শিল্প ও পরিবহন খাতে।

দেশের এলপিজি বাজারের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। এসব প্রতিষ্ঠান আমদানির মাধ্যমে বাজারে গ্যাস সরবরাহ করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত দুই মাসে এলপিজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেনি। তারপরও বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই দর অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম হিসাব করা হবে। পাশাপাশি গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি। তবে সংস্থাটির নির্ধারিত দামে বাজারে গ্যাস বিক্রি না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সরবরাহ সংকটের কথা বলে অনেক সময় সিলিন্ডারের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়। এমনকি অতিরিক্ত অর্থ দিয়েও অনেক ক্ষেত্রে সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়ে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G